শুধু জাতীয় দলই নয়, ক্লাব লেভেলেও মেসির পারফরম্যান্স ছিল অতুলনীয়। অসাধারণ বছর কাটানোর স্বীকৃতিও পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এক্সিলেন্স ইন স্পোর্টস পারফরম্যান্স ইয়ারলি (ইএসপিওয়াই) অ্যাওয়ার্ডের তিন ক্যাটাগরিতে সেরা মনোনীত হয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম এবিসি প্রতি বছর ইএসপিওয়াই অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এবার এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মনোনীত হয়েছেন তিন ক্যাটাগরিতে।
.png)
সেরা অ্যাথলেট ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মেসি। যার জন্য তাকে লড়তে হবে ডেনভার নাজেটসের সার্বিয়ান বাস্কেটবল তারকা নিকোলা জোকিচ, নিউ ইয়র্ক ইয়ানকেসের বেসবল তারকা অ্যারন জাজ ও কানাস সিটির কোয়ার্টারব্যাক তারকা প্যাট্রিক মাহোমস এর সঙ্গে।
বেস্ট চ্যাম্পিয়নশিপ পারফরম্যান্সের জন্যও মেসি মনোনয়ন পেয়েছেন। এ বিভাগে তাকে লড়াই করতে হবে ইংল্যান্ডের মার্শাল আর্টিস্ট লিওন এডওয়ার্ডস, নিকোলা জোকিচ ও যুক্তরাষ্ট্রের গলফার রোজ জাং এর সঙ্গে।
এখানেই শেষ নয়, সেরা ফুটবলার ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এ শিরোপা পেতে তাকে লড়তে হবে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বার্সেলোনা মেয়ে দলের ফুটবলার আয়তিনা বোনমাতি ও যুক্তরাষ্ট্রের সোফিয়া স্মিথের সঙ্গে।
মনোনীত হওয়া তারকাদের ভোট দিতে পারবেন ক্রীড়াপ্রেমীরা। ভোটাভুটি শেষ হওয়ার পর আগামী ১২ জুলাই বিজয়ীদের নাম ঘোষণা করবে এবিসি। মেসি ২০১৫ সালে ইএসপিওয়াই-তে সেরা আন্তর্জাতিক ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন।