ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছুটি আর বৃষ্টির মাঝেও অনুশীলনে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১০, ২৫ জুন ২০২৩
ছুটি আর বৃষ্টির মাঝেও অনুশীলনে মুশফিক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার কে, এমন প্রশ্নের উত্তরে সবার আগে আসবে মুশফিকুর রহিমের নাম। কেন তার নাম বারবার উঠে আসে, রোববার যেন সেই প্রমাণটাই আরো একবার দিলেন তিনি। যেখানে সবাই ছুটিতে চলে গেলেও নিজ ইচ্ছায় অনুশীলন করেছেন মিস্টার ডিপেন্ডেবল।

সামনেই পবিত্র ঈদ উল আজহা। এর দিন কয়েক পরই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ। আসন্ন এ লড়াইয়ের আগে ঈদের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। শনিবার সবশেষ দলীয় অনুশীলন শেষে অনেকেই এখন নিজ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

তবে মুশফিকুর রহিম এখানে ব্যতিক্রম। রোববারও যথারীতি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন তিনি। কয়েক ঘণ্টা ধরে করেছেন ঐচ্ছিক অনুশীলন। ইনডোরে অনুশীলন শেষ করে তিনি যখন বের হন, তখন মিরপুরের আকাশে ঝরছে বৃষ্টি।

Advertisement

অনুশীলন করে এমনিই ক্লান্ত ছিলেন। তাই মুশফিকের জন্য বৃষ্টিটা হয়তো একটু বেশিই স্বস্তির ছিল। তাই কাধে তোয়ালে জড়িয়ে ধীরে ধীরে মাঠের অপর প্রান্ত থেকে ড্রেসিং রুমে আসেন তিনি। সাজঘরে ঢোকার আগে কুশল বিনিময় করেন নারী ক্রিকেটারদের সঙ্গে।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছেন নারী ক্রিকেটাররা। তবে সতীর্থরা যেখানে ছুটি কাটাচ্ছেন, সেখানে ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়ে আবারো যেন মুশফিক প্রমাণ করলেন, সাফল্যের ক্ষুধা এখনো একটুও কমেনি তার।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!