ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথম ওভারে চার উইকেট নিয়ে আফ্রিদির বিরল রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১১, ১ জুলাই ২০২৩
প্রথম ওভারে চার উইকেট নিয়ে আফ্রিদির বিরল রেকর্ড
শাহিন শাহ আফ্রিদি

রীতিমতো অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডে চলমান দ্য ভাইটালিটি ব্লাস্ট টি-২০তে এক ওভারে চার উইকেট শিকার করেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার। যা স্বীকৃত টি-২০ ক্রিকেটে ইনিংসের প্রথম ওভারেই চার উইকেট নেয়ার প্রথম রেকর্ড।

শুক্রবার (৩০ জুন) ট্রেন্ট ব্রিজে বার্মিংহাম বিয়ার্সের মুখোমুখি হয় শাহিনের দল নটিংহামশায়ার। আগে ব্যাট করে বার্মিংহামকে ১৬৯ রানের লক্ষ্য দেয় নটিংহামশায়ার। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে শাহিনের পেস-তোপে পড়ে গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাক লিনটটদের নিয়ে গড়া দলটি। 

ইনিংসে শাহিনের প্রথম বৈধ ডেলিভারিই ছিল পায়ের পাতা তাক করা ইয়র্কার। সামলাতে না পেরে উপুড় হয়ে পড়েন বার্মিংহাম অধিনায়ক অ্যালেক্স ডেভিয়েস। এলবিডব্লিউর আবেদনে ইতিবাচক সিদ্ধান্ত জানাতে দেরি করেননি আম্পায়ার। 

Advertisement

পরের বলে ব্যাটার ছিলেন ক্রিশ্চিয়ান বেঞ্জামিন। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার ইয়র্কার আসবে ভেবে স্কুপ খেলার চেষ্টা করেন। কিন্তু লো ফুলটস হয়ে আসা বল উল্টো স্টাম্পে টেনে নেন। প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান শাহিন। 

তৃতীয় বলটি অবশ্য রুখে দেন ড্যান মোজলে। কিন্তু পঞ্চম বলে আর পারেননি। বাঁহাতি এই ব্যাটসম্যান ড্রাইভ করতে গিয়ে ওলি স্টোনের দারুণ ক্যাচে পরিণত হন। ওভারের শেষ বলে আরেকটি লো ফুল টসে বোল্ড হন এড বার্নার্ড। শেষ পর্যন্ত ৬ বলে ৪ উইকেট শিকার করেন আফ্রিদি।

অবশ্য শাহিনের এমন দুর্দান্ত বোলিংয়ের পরও জয় তুলে নিতে পারেনি তার দল নটিংহামশায়ার। ২ উইকেট ও ৫ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বার্মিংহাম। শাহিন চার ওভারে ২৯ রান দিয়ে নেন ওই ৪ উইকেটই। 

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস নাউসহ আরো সংবাদমাধ্যম দাবি করেছে, স্বীকৃত টি-২০তে ইনিংসের প্রথম ওভারে ৪ উইকেট নেয়ার ঘটনা এটাই   প্রথম।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!