গত মাসে ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর মেক্সিকো যুবদলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও হেরেছিল ব্রাজিলের যুবারা। তবে দ্বিতীয় প্রীতি ম্যাচে মেক্সিকোকে বিধ্বস্ত করে ঠিকই হারের প্রতিশোধ নিয়েছে তারা। মেক্সিকোর বিরুদ্ধে ব্রাজিলের যুবাদের জয় ৫-২ গোলে।
চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। ২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে আসন্ন এই যুব বিশ্বকাপের পর্দা নামবে। যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাজিল।
.png)
প্রথমটিতে পরাজয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে রীতিমতো ছেলেখেলা করেছে সেলেসাও যুবারা। ব্রাজিলের হয়ে গোল করেন কহুয়া ইলিয়াস (১১ ও ৬৩ মিনিট), পেদ্রো লিমা (৪৪ মিনিট), দুদু (৪৮ ও ৫০ মিনিট)।
এর আগে গত বুধবার (২৮ জুন) প্রথম প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে এক গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পেয়েছিল ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।