ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সুখবর পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ১৯ জুলাই ২০২৩
সুখবর পেলেন সাকিব
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। এ সিরিজে বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন সাকিব আল হাসান। এর পুরস্কারও পেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বুধবার র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বোলারদের র‌্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন সাকিব। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬১৬।

শুধু সাকিবই নন, র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে নাসুম ও তাসকিন আহমেদেরও। আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেট পেলেও দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ ওভারে ৩৫ রান দেন নাসুম। তিনি পেয়েছেন ৫৫ রেটিং পয়েন্ট। বড় লাফ দিয়ে ৫০ থেকে ৩৩ নম্বরে উঠে এসেছেন এ বাঁহাতি স্পিনার। 

এছাড়া সাকিবের সমান ৪ উইকেট পাওয়া তাসকিন এগিয়েছেন ৩ ধাপ। ক্যারিয়ার সেরা ৫৫৮ রেটিং নিয়ে ৩৫ থেকে ৩২ নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা পেসার।

এদিকে ৭১৩ রেটিং নিয়ে বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। সেরা দশে পরিবর্তন একটি। ৬ নম্বর থেকে সাতে নেমেছেন ফজল হক ফারুকী। তার জায়গা নিয়েছেন অজি স্পিনার অ্যাডাম জ্যাম্পা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!