ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা ছিল আগেই। প্রথম চারদিন আবহাওয়া ইংলিশদের পক্ষেই কথা বলছিল। কিন্তু টেস্টের চতুর্থ দিন থেকে অঝোরে বৃষ্টি নামে ওল্ড ট্রাফোর্ডে। এতে ৩০ ওভার খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয় অজিদের। অন্যদিকে বৃষ্টি থামতে প্রার্থনায় বসে পড়েন ইংলিশ ক্রিকেটাররা। যদিও শেষ পর্যন্ত আবহাওয়া অজিদের পক্ষই নিয়েছে। এতে অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলো প্যাট ক্যামিন্সের দল।
ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ফলে আগে ব্যাটিং করতে নেমে ৩১৭ রান তুলতেই গুঁটিয়ে যায় অজিরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে সব কটি উইকেট হারিয়ে ৫৯২ রানের সংগ্রহ দাঁড় করিয়ে অ্যাশেজ জয়ের স্বপ্ন জিইয়ে তুলেছিল ইংল্যান্ড। ২৭৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে ৪১ ওভারে ৪ উইকেটে ১১৩ রান করে অজিরা।
.png)
এরপর চতুর্থ দিনে বেরসিক বৃষ্টির কারণে মাত্র ৩০ ওভার ব্যাট করতে পেরেছিল অস্ট্রেলিয়া। এদিন আরো এক উইকেট হারিয়ে ইংলিশদের থেকে ৬১ রানে পিছিয়ে থেকে ২১৪ রান তুলেছিল অজিরা। টানা বৃষ্টির কারণে পঞ্চম ও শেষ দিনে মাঠেই নামতে পারেননি দুই দল। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত শেষ সেশনে এসে ম্যাচটি ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
ইংলিশদের হয়ে প্রথম ইনিংসে ১৮৯ রান করে ম্যাচসেরা পদক নিজের ঝুলিতে পুড়েছেন ওপেনার জ্যাক ক্রলি। এছাড়াও প্রথম ইনিংসে ৯৯ রানে অপরাজিত থাকেন ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে শতক হাঁকিয়ে ১১১ রান করেন মার্নাস ল্যাবুশেন।
প্রসঙ্গত, অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট আগামী ২৭ জুলাই থেকে ওভালে শুরু হবে।