ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আগের চেয়ে আরো ভালো অবস্থায় আছে হালান্ড: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ২৪ জুলাই ২০২৩
আগের চেয়ে আরো ভালো অবস্থায় আছে হালান্ড: গার্দিওলা
আর্লিং হালান্ড

আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রাক-মৌসুম জাপান সফর দাপটের সঙ্গে শুরু করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রোববার জে-লিগ চ্যাম্পিয়ন ইয়োকোহামা এফ-ম্যারিনসকে ৫-৩ গোলে পরাজিত করেছে ইংলিশ জায়ান্টরা।

এই জয়ের মাধ্যমে প্রতিপক্ষ ক্লাবগুলোকে সতর্ক করে সিটি ম্যানেজার পেপ গার্দিওলা বলেছেন, গত মৌসুমের তুলনায় তাদের তারকা স্ট্রাইকার হালান্ড আরো ভালো অবস্থায় রয়েছে। 

জাপান জাতীয় স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত কোন অঘটন ঘটতে দেয়নি সিটিজেনরা। হালান্ড বদলি বেঞ্চ থেকে উঠে এসে জোড়া গোল করেছেন।

নরওয়েজিয়ান এই স্ট্রাইকার সিটির হয়ে গত আসরে অভিষেকে ৫২ গোল করেছিলেন। এর মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন রেকর্ড ৩৬ গোল।

টোকিওর ম্যাচের পর গার্দিওলা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘গত মৌসুমের সঙ্গে তুলনা করলে বলতে হয় এবার সে আরো বেশী ফিট অবস্থায় আছে। সিটিতে আসার আগে যা ছিল তার থেকে অন্তত নিজেকে আরো ফিট করে সে এবার মাঠে নেমেছে। যদিও অন্য আরো অনেকের মত সেরা পজিশনে যেতে  এখনো তার সামনে অনেকটা সময় বাকি।’

হালান্ডের নৈপুণ্যে সিটি গত আসরে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মাধ্যমে ঐতিহাসিক ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়। যদিও মৌসুমের শেষের দিকে হালান্ড খুব একটা গোলের দেখা পাননি।

শুক্রবার ২৩ বছরে পা রাখতে যাওয়া হালান্ড সিটির হয়ে শেষ পাঁচ ম্যাচে কোন গোল করতে পারেননি। সিটিতে যোগ দেবার পর এতটা লম্বা সময় তিনি গোলবিহীন ছিলেন না। 

সেই বিষয়টি মাথায় রেখে গার্দিওলা বলেছেন, জাপানে দুই গোল করা তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাকে চিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এখনকার তুলনায় সে আরো ভাল হয়ে উঠবে।

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারানোর পর কালই প্রথম মাঠে নেমেছিল গার্দিওলার শিষ্যরা। এদিন স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন জন স্টোন, জুলিয়ান আলভারেজ ও রড্রি।

অধিনায়ক ইকাই গুনডোগান ক্লাব ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন। সে কারণে গার্দিওলাকে দল সাজাতে ভিন্ন পরিকল্পনা করতে হয়েছে। হালান্ড, রড্রি, রুবেন দিয়াস, বার্নান্ডো সিলভ, প্রতেক্যেই দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছেন।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনজুরিতে পড়া অভিজ্ঞ মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন সম্পর্কে ইতিবাচক সাড়া পেয়েছেন গার্দিওলা। আগের থেকে অনেক বেশি ভাল অনুভব করছেন এই বেলজিয়ান, এমনটাই জানিয়েছেন সিটি বস।

আগামী বুধবার টোকিওতে পরবর্তী ম্যাচে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের মোকাবেলা করবে সিটিজেনরা। এরপর অ্যাথলেটিকোর বিপক্ষে খেলতে দক্ষিণ কোরিয়ার সিউলে যাবে তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!