পিঠে চোটের চিকিৎসা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তামিম। টাইগারদের ওয়ানডে অধিনায়কের বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপ উপলক্ষ্যে আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে বাংলাদেশের ক্যাম্প। সেখানে তামিম যোগ দেবেন কিনা কেউই তার নিশ্চয়তা দিতে পারেননি। এরই মাঝে দুদিন আগে খবর বেরিয়েছিল, তামিমের মেরুদণ্ডের দুই ডিস্কের মাঝে ক্ষয় ধরা পড়েছে।
.png)
এমন অবস্থায় তিনি ঠিক কোন প্রক্রিয়ায় নিজের চিকিৎসা করাবেন, তা নিয়েই চলছে আলোচনা। বর্তমানে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে নিয়ে তামিম লন্ডনে অবস্থান করছেন। সেখানেই নতুন করে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি।
আজ (বৃহস্পতিবার) তামিমের চিকিৎসার সবশেষ খবর জানিয়েছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘শুধু তামিমের বিষয় নয়। যেকোনো ক্রিকেটারের মেডিকেল এসেসমেন্টের বিষয়টা খুবই ক্লাসিফাইড ইনফরমেশন।’
তিনি আরো বলেন, ‘এগুলো আমরা যতটুকু শেয়ার করতে পারব, শুধু ততটুকুই করব। যখন সময় হবে, আমরা জানাবো। প্লেয়ারদের সঙ্গে আলোচনার বিষয় আছে। সবকিছু আলোচনার পর সিদ্ধান্ত যখন হবে, তখন আমরা অফিসিয়ালি জানিয়ে দেব।’
গুঞ্জন রয়েছে তামিমের বর্তমান সমস্যার চিকিৎসার জন্য হয়তো অস্ত্রোপচার করানো হতে পারে। সেক্ষেত্রে অন্তত তিন মাসের জন্য জাতীয় দল থেকে ছিটকে যাবেন দেশসেরা এই ওপেনার। আর এর বিকল্প হিসেবে রয়েছে ইনজেকশন কিংবা রিহ্যাবিলিটেশন।
তবে ইনজেকশন নেওয়ার কথাই শোনা যাচ্ছে। যা চোটগ্রস্ত জায়গার স্নায়ুকে কিছুদিন নিস্তেজ করে রাখবে। তখন আর ব্যথা অনুভব হবে না। কিন্তু ওষুধের প্রতিক্রিয়া শেষ হলেই আবার সমস্যায় পড়বেন তামিম। তা সত্ত্বেও অন্তত তিন মাস তিনি ব্যথামুক্ত থাকবেন বলে জানা গেছে।