ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হৃদয়-শরিফুল পেলেন অনাপত্তিপত্র, বিবেচনায় তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩১, ২৭ জুলাই ২০২৩
হৃদয়-শরিফুল পেলেন অনাপত্তিপত্র, বিবেচনায় তাসকিন
শরিফুল ইসলাম

সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি গুরুত্বপূর্ণ আসর। এর আগে শ্রীলংকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-২০তে খেলতে অনাপত্তিপত্র পেয়েছেন তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম।

তবে কাজের চাপ বিবেচনায় পেসার তাসকিন আহমেদের অনাপত্তিপত্র পাবার সম্ভাবনা ক্ষীণ। বর্তমানে জিম-আফ্রো টি-টেন লিগে খেলা এ পেসারকে দলে চেয়েছিল এলপিএলের দল ডাম্বুলা অরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে পেসার শরিফুল ইসলাম এবং বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন ব্যাটার হৃদয়। 

Advertisement

বৃহস্পতিবার (২৭ জুলাই) নিজামউদ্দিন বলেন, ‘অতীতে আমাদের নিয়ম ছিল, বছরে সর্বোচ্চ দু’টি বিদেশি লিগে খেলোয়াড়দের খেলার অনুমতি দেওয়া। কিন্তু বর্তমানে ঘরোয়া লিগগুলো যেভাবে অনুষ্ঠিত হচ্ছে তাতে লিগের সংখ্যার চেয়ে কাজের চাপকে বিবেচনায় নেয়া হয়।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গন এবং ভবিষ্যত টুর্নামেন্টে অংশগ্রহণও আরেকটি বিষয়। আমরা সেসব বিষয় বিবেচনা করেই ছাড়পত্র দিচ্ছি। তাসকিন এখনো এলপিএলের জন্য বিবেচনাধীন। সাম্প্রতিক সময়ে তার অংশগ্রহণ ও কাজের চাপ বিবেচনা করে ভিন্নভাবে ভাবতে পারি আমরা। অন্য খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়া হয়েছে।’

জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করেছেন তাসকিন। কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা পেসার। কিন্তু বিশ্বকাপ সামনে থাকায় কাজের চাপ বিবেচনায় অনাপত্তিপত্র দেয়া হয়নি তাকে।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারনে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস এবং পিএসএলে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন। আইপিএল না খেলার কারনে পরে সাকিব আল হাসান এবং লিটন দাসের সাথে তাসকিনকেও ক্ষতিপূরণ দেয় বিসিবি।

বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান এবং বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুনও এলপিএলে খেলবেন। দু’জনকেই দলে নিয়েছে গল টাইটান্স। আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে এলপিএল। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!