ইঘালোর দাবি, পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানোর রোনালদোও একই কাজটি করছেন। শুধুমাত্র টাকার লোভেই সৌদি আরবে পাড়ি জমিয়েছেন সিআর সেভেন। সেখানে ফুটবলের প্রতি কোন আবেগ নেই।
আল হিলালের হয়ে গত মৌসুমে সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতা ছিলেন নাইজেরীয় তারকা ইঘালো। মৌসুম শেষে অবশ্য তিনি ক্লাবটি ছেড়ে দিয়েছেন। তার দাবি, কেবল অর্থের লোভেই তিনি মধ্যপ্রাচ্যের ওই দেশে পাড়ি জমিয়েছিলেন। রোনালদোও একই কাজ করেছেন। যোগ দিয়েছেন আল নাসরে। যেখানে এখন যুক্ত হয়েছেন করিম বেনজেমা।
.png)
ওমা স্পোর্টস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী ইঘালো বলেন, ‘তরুণ বয়সে অবশ্যই আপনার আবেগ থাকবে। ওই সময় আপনি টাকার বিষয়টি আমলেই নিবেন না। কিন্তু যখন আমার মতো বয়স হবে, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আমি জানি না ক্যারিয়ার এক বছর থাকবে, নাকি দুই বছর। কখন সৃষ্টিকর্তা সেটি বন্ধ করতে বলবেন।’
এরপর তিনি বলেন, আমি জানি এটি তিন বছরের বেশী হবে না। পুরো জীবন আমি আবেগ নিয়ে খেলেছি। এখন খেলছি অর্থের লোভে। আমি ওইসব খেলোয়াড়দের মতো নই যে বলে বেড়াবো ‘আমি ভালবাসার কারণে খেলছি। দিন শেষে সেখানে অর্থের হাতছানি।’
ইঘালো যোগ করেন, রোনালদো কি ভালবাসার টানে খেলছেন? আমি সারা জীবনে যা আয় করেছি, তার অন্তত শতগুন বেশী অর্থ আয় করেছেন তিনি। তারপরও তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি আবেগের তাড়নায় গেছেন? আসলে টাকার জন্য গেছেন।
এই গ্রীষ্মে বেশ কয়েকজন খেলোয়াড় সৌদিতে পাড়ি জমাচ্ছেন। যেখানে সর্বশেষ যুক্ত হয়েছেন জর্ডান হেন্ডারসন। এই তালিকায় আছেন করিম বেনজেমা, এনগোলে কান্তে, রুবেন নেভেস ও রবার্তো ফিরমিনহোর মতো নামীদামি তারকারা।