মিয়ামির জার্সিতে মেসিকে প্রথম দেখে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তের কাছে ‘অদ্ভুত’ লেগেছে। কাতালান ক্লাবটির প্রধানের কাছে তাকে ভিন্ন ক্লাবের জার্সিতে দেখা অনাকাঙ্ক্ষিতই বটে। আর্থিক সঙ্কটের মুখেও বার্সা বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে পুনরায় তাদের ডেরায় নিতে চেয়েছিল।
কিন্তু চুক্তি নিয়ে অনিশ্চয়তা ও বাড়তি চাপ এড়িয়ে মেসি নাম লিখিয়েছেন ডেভিড বেকহামের দল মিয়ামিতে। সাবেক এই পিএসজি তারকা সেখানে চাপমুক্ত হয়ে দারুণ ফলও পাচ্ছেন। তুমুল উন্মাদনায় ভাসা দর্শকদের উপহার দিয়েছেন ফুটবলীয় নৈপুণ্য এবং তলানিতে থাকা মিয়ামির জন্য জাগিয়েছেন নতুন আশা!
.png)
একই সময়ে প্রাক-মৌসুম সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বার্সেলোনা। স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ের ভাইরাস জ্বরের কারণে জুভেন্টাসের বিপক্ষে প্রথম ম্যাচ বাতিল করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দলটি মুখোমুখি হয় আর্সেনালের। ইংলিশ জায়ান্টদের বিপক্ষে ৫-৩ গোলে হেরে যায় বার্সা।
সেখানেই ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন ক্লাবটির সভাপতি লাপোর্তা। মেসির প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘এটা অনেকটা অদ্ভুত অনুভূতি। তাকে আমরা বার্সেলোনার হয়েই চিনি। আমার মনে হয়, বেশির ভাগ সমর্থকও তাকে সেভাবেই দেখে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। আমাদের ফুটবলারদের জন্য সবসময় সেরাটাই চাই আমরা।’
একইসঙ্গে বার্সার মতো মিয়ামিতেও মেসি ভালো থাকবেন বলে লাপোর্তার আশা, ‘সে বার্সেলোনায় এসেছিল ছেলেবেলায়, ১৪ বছর বয়সে। যেখানে সে ২০ বছর কাটিয়েছে। আশা করি মিয়ামিতেও সে খুব খুশি থাকবে। তবে মিয়ামিতে ব্যাপারটি ভিন্ন।’
তিনি আরো বলেন, ‘তার জন্য এই লিগ নতুন, ক্রমে উন্নতি করছে এই লিগ এবং মেসি তাদেরকে আরও এগিয়ে যেতে সহায়তা করতে পারে। এছাড়া সার্জিও বুসকেটস ও জর্দি আলবা আছে। লুইস সুয়ারেজও আসতে পারে। যুক্তরাষ্ট্রের সমর্থকদের জন্য এটা হবে খুবই আকর্ষণীয়। এজন্যই সে মিয়ামিকে বেছে নিয়েছে।’