ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এলপিএল খেলতে দেশ ছাড়লেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৫, ২৯ জুলাই ২০২৩
এলপিএল খেলতে দেশ ছাড়লেন শরিফুল
ছবি- সংগৃহীত

আগামী ৩০ জুলাই শুরু হবে লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল)। যা চলবে ২০ আগস্ট পর্যন্ত। এবারের আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাবেন টাইগার বোলার শরিফুল ইসলাম। এ লক্ষ্যে দেশ ছেড়েছেন এ বাঁহাতি পেসার।

শনিবার সকালের ফ্লাইটে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শরিফুল। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন এ টাইগার পেসার।

এর আগে গত সোমবার এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলা প্রস্তাব পেয়েছিলেন শরিফুল। যদিও শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না সেটি নিয়ে ছিল ধোঁয়াশা। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে লংকান লিগে কলম্বোর হয়ে খেলতে গেলেন তিনি।

Advertisement

এলপিএলে খেলা প্রসঙ্গে শরিফুল বলেন, ‘যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য।’

শুধু শরিফুলই নন, এর আগে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুনকে দলে টেনেছিল দুইবারের রানার-আপ গল টাইটান্স। এরই মধ্যে শ্রীলংকায় অবস্থান করেছেন মিঠুন। 

এদিকে গ্লোবাল টি-২০ লিগ শেষ করে কানাডা থেকে দেশটিতে যাবেন সাকিব। এছাড়া টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসে খেলবেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। তাকেও অনাপত্তিপত্র দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপ ও বিশ্বকাপে ঝুঁকি এড়াতে তাসকিন আহমেদকে ছাড়পত্র দেয়নি বিসিবি। তাদের ভাষ্য, টি-১০ টুর্নামেন্ট শেষ করে বিশ্রামে থাকুক তাসকিন। সেই চিন্তা করেই এই পেসারকে বিসিবি ছাড়পত্র দিচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!