ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ থেকে একইদিনে আর্জেন্টিনা-ব্রাজিলের বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩০, ২ আগস্ট ২০২৩
বিশ্বকাপ থেকে একইদিনে আর্জেন্টিনা-ব্রাজিলের বিদায়
ছবি: সংগৃহীত

ছেলেদের ফুটবলে বরাবরই শক্তিশালী দুই দলের নাম আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে নারী ফুটবলে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি দল দুটি। চলমান নারী বিশ্বকাপে একইদিনে বিদায় নিয়েছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

খর্বশক্তির দল জ্যামাইকার সঙ্গে ড্র করে চলমান নারী ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। এর ঘন্টাখানেক আগেই আর্জেন্টিনাকে বিদায় করেছে সুইডেন। ইউরোপের দেশটির কাছে ২-০ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ (বুধবার) অস্ট্রেলিয়ার মেলবোর্নের ম্যাচটি জিততেই হতো ব্রাজিলকে। অন্যদিকে হার এড়ালেই পরের পর্ব নিশ্চিত ছিল জ্যামাইকার জন্য। এমন সমীকরণের মুখে ব্রাজিল ফিরিয়ে আনে তাদের অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তাকে।

Advertisement

মেলবোর্নের রেকটাঙ্গুলার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। আসরে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা বোর্জেস এদিন শুরু থেকেই ছিলেন কিছুটা নিষ্প্রভ। প্রথমার্ধে তাই ব্রাজিলেরও খুব বেশি কিছু করা হয়নি। 

গোলমুখে মার্তা কয়েকবার হুমকি ছড়ালেও তাতে কাজের কাজ হয়নি। এবারের বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে থাকলেও তাই সময়টা উপভোগ করতে পারেননি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই নারী ফুটবলার।

বিপরীতে জ্যামাইকা পুরো ম্যাচই পার করেছে রক্ষ্মণাত্মক ভঙ্গিতে। চার ডিফেন্ডার এবং এক হোল্ডিং মিডফিল্ডার নিয়ে দল সাজিয়েছিলেন কোচ পিয়া স্নডহেগ। তার সেই কৌশল কাজেও লেগেছে। ৪-১-৪-১ ফর্মেশনে গড়া জ্যামাইকার সামনে পথই খুঁজে পায়নি ব্রাজিল। 

ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় সুযোগ এসেছিল ৭৯ মিনিটে। মিডফিল্ডার লুয়ানার ক্রসে হেড করেছিলেন জ্যামাইকান ডিফেন্ডার অ্যালিসন সোয়াবি। আত্মঘাতী গোলটা পেয়েই যেতে পারত ব্রাজিল। শেষ সময়ে ত্রাতা বনে যান জ্যামাইকার গোলরক্ষক রেবেকা স্পেনসার। 

পুরো ম্যাচেই গোলবারের নিচে অতন্দ্রপ্রহরী হয়েছিলেন জ্যামাইকার গোলরক্ষক। ৭ টি সেইভ করে ব্রাজিলকে আটকে রাখার কৃতিত্ব ছিল তারই। শেষপর্যন্ত গোলশূন্য ড্র-তেই শেষ হয়েছে দুই দলের লড়াই। আর তাতেই নিশ্চিত হয় ব্রাজিলের ঘরে ফেরা। 

গ্রুপপর্বের লড়াই শেষে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে ব্রাজিল। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে যাচ্ছে জ্যামাইকা। গ্রুপ সেরা ফ্রান্স ৩ ম্যাচে পেয়েছে ৭ পয়েন্ট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!