ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পদ্মাসেতুতে বিশ্বকাপ ট্রফি, চলছে ফটোসেশন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ৭ আগস্ট ২০২৩
পদ্মাসেতুতে বিশ্বকাপ ট্রফি, চলছে ফটোসেশন
ছবি- সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার আগে বিশ্ব ভ্রমণে বেরিয়েছে বিশ্বকাপ ট্রফি।

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। এই ট্রফি ৭-৯ আগস্ট পর্যন্ত দেশে থাকবে। তারই ধারাবাহিকতায় প্রথম দিনের ট্যুরে পদ্মাসেতুতে ফটোসেশনের জন্য নেয়া হয়েছে ট্রফিটি। 

সোমবার হেলিকপ্টারযোগে পদ্মাসেতুতে যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সড়ক পথে নেয়া হয়েছে ট্রফিটি। এদিন বিকেল সাড়ে ৪টায় পদ্মাসেতুর মাওয়া প্রান্তের ১ নাম্বার পিলারের পাশে শুরু হয় ফটোসেশন।

Advertisement

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। এর আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল। এবার বেছে নেয়া হয় পদ্মা সেতুকে। কেননা গত বছরের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু এখন দেশের অন্যতম একটি আইকনিক স্থান ও গর্বের প্রতীক।

আগামী দুই দিনের ট্রফি ট্যুরের প্ল্যান-

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে। 

শেষের দিন অর্থাৎ ৯ আগস্ট ট্রফি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই সোনালি শিরোপা। একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভক্তরা নিতে পারবেন ছবি। এজন্য লাগবে না টিকিট। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!