যুব বয়স থেকে শুরু করে ১৮ বছর ধরে বার্সেলোনার হয়ে খেলেছেন ইনিয়েস্তা। এর মাঝে লম্বা একটা সময় তার সতীর্থ ছিলেন লিওনেল মেসি। দুই তারকাকে আবারও একই দলের হয়ে খেলতে দেখার আশা ছিল। কিন্তু সেই সম্ভাবনা এড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবে নাম লিখিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার।
এমিরেটস এফসির সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তির সম্ভাবনা রয়েছে ইনিয়েস্তার। শর্ত অনুযায়ী, চাইলে ইনিয়েস্তা আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে পারবেন। ১৯ আগস্ট আল ওয়াসলের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩-২৪ মৌসুমের প্রো লিগ অভিযান শুরু করবে ক্লাবটি।
.png)
এর আগে ২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে জাপানের ভিসেল কোবেতে নাম লেখান ইনিয়েস্তা। তাদের হয়ে সব মিলিয়ে ১৩৪টি ম্যাচ খেলেছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। দলটির হয়ে তিনি গোল করেছেন ২৬টি। জিতেছেন ২০১৯ সালের এমপেরর কাপ ও ২০২০ সালের জাপানিজ সুপার কাপ।
চলতি বছরই চুক্তির মেয়াদ বাকি থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দেয় ক্লাবটি। তবে ইনিয়েস্তা এখনই ফুটবল ছাড়ছেন ওই সময় ঘোষণা দেন। একইসঙ্গে আবারও কাতালান ক্লাবের হয়ে খেলার আশা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে মেসির মায়ামিতে তিনি যোগ দেবেন বলে গুঞ্জন ওঠে।
এর আগে তারা দুজন ১৬ বছর একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন। পরবর্তীতে ২০০৯ ও ২০১৫ সালে একসঙ্গে দুবার ট্রেবল জিতেছেন মেসি-ইনিয়েস্তা। ছোট–বড় মিলিয়ে দুজনে মিলে বার্সেলোনায় জিতেছেন ৩০টি শিরোপা। তবে এবার আর একসঙ্গে খেলা হচ্ছে না মেসি-ইনিয়েস্তার।