পাকিস্তানকে উড়িয়ে সেমিতে ভারত
ক্রীড়াঙ্গনের যেকোনো ক্ষেত্রেই ভারত-পাকিস্তান লড়াই মানে অন্যরকম উত্তেজনা। বর্তমানে চলছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। যেখানে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করেছে ভারত। বুধবার (৯ আগস্ট) ঘরের মাঠে পাকিস্তানকে ৪-০ গোলে হারায় ভারত হকি দল।
ভারতের কাছে বড় ব্যবধানে পরাজয়ের মধ্য দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি থেকে ছিটকে গেছে পাকিস্তান। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানকে অন্তত ড্র করতে হতো।
খেলা শুরুর ২ মিনিটের মাথাতেই গোল করে ভারতকে চমকে দেয় পাকিস্তান। কিন্তু রেফারি গোল দেওয়ার পর ভারত রিভিউ নিলে পাকিস্তানের গোল বাতিল হয়। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটিও তারই। তৃতীয় কোয়ার্টারে ভারতীয় দলকে ৩-০ এগিয়ে দেন যুগরাজ সিংহ।
.png)
দলটির পক্ষে চতুর্থ গোল করেন আকাশদীপ সিংহ। এই টুর্নামেন্টে তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে এবার তাদের খালি হাতেই ফিরতে হচ্ছে। ৬ দলের টুর্নামেন্টে লিগ টেবিলের পাঁচ নম্বরে থেকে শেষ করল তারা। অন্যদিকে এখন পর্যন্ত অপরাজিত থেকে ভারতীয় দল শেষ চারে উঠল।