‘নোম মোর ক্রিকেট’ লিখে কয়েকদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন জাতীয় নারী দলের এই অলরাউন্ডার। ওই ঘটনায় বিসিবির চুক্তিতে থাকা রুমানাকে ডেকে এনে আচরণ বিধির বিষয়ে সাবধান করা হয়েছে।
বিসিবি’র উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, এ সময় রুমানা বোর্ডকে জানিয়েছেন যে এই মুহুর্তে ক্রিকেট থেকে বিদায় নেয়ার কোন ইচ্ছা তার নেই। নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এ সময় উপস্থিত ছিলেন।
.png)
বিসিবির সর্বশেষ দুটি সিরিজে জাতীয় দলে ডাক পাননি রুমানা। এ বিষয়ে নাদেল বলেন, ‘তিনি খেলবেন এবং খেলতে চান। বিষয়টি অভ্যন্তরীণ। একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে আমরা খেলোয়াড়দের পুল সম্প্রসারণের চেষ্টা করছি।
তাই খেলোয়াড়দের ইচ্ছা অনুযায়ী সবকিছু হবে না। এখন আমাদের হাতে প্রতিটি পজিশনে একাধিক ক্রিকেটার আছে। কেউ বিরক্ত হতে পারে। তবে দলের জন্য যেটি ভালো হবে সেটিই আমরা করব।’
ওয়ানডে ও টি-২০ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৩৪টি ম্যাচ খেলা রুমানা গত ৫ আগস্ট ফেসবুকে ওই স্ট্যাটাসটি দেন। মূলত নারী দলের ক্যাম্পে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই এমন স্ট্যাটাসটি দিয়েছেন তিনি।
সর্বশেষ গত বছর ডিসেম্বরে বাংলাদেশের হয়ে একটি ওয়ানডে এবং চলতি বছর ফেব্রুয়ারিতে একটি টি-২০ ম্যাচ খেলেছেন রুমানা।