ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লা লিগায় সহজ জয়ে মৌসুম শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ১৩ আগস্ট ২০২৩
লা লিগায় সহজ জয়ে মৌসুম শুরু রিয়ালের
ছবি: সংগৃহীত

চোটের জন‍্য আগেই ছিটকে গেছেন থিবো কোর্তোয়া। শুরুর একাদশে নেই লুকা মদরিচ, টনি ক্রুসরা। গত মৌসুম শেষে দল ছেড়েছেন করিম বেনজেমাও। পালা বদলের মধ‍্য দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ নতুন মৌসুম শুরু করেছে তারুণ‍্য নির্ভর নতুন চেহারার দল নিয়ে।

সেখানে অবশ্য আশার আলোই দেখালেন জুড বেলিংহ‍্যাম, রদ্রিগোরা। তাদের আলো ঝলমলে পারফরম‍্যান্সে জয় দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করেছে লস ব্লাঙ্কোসরা।

স্পেনের শীর্ষ লিগে নিজেদের প্রথম ম‍্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচে একটি করে গোল করেছেন বেলিংহ‍্যাম ও রদ্রিগো।  

Advertisement

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে রিয়ালের শুরুটা ছিল একটু মন্থর। ২৮তম মিনিটে দানি কারভাহালকে বল বাড়িয়ে সামনের দিকে ছোটেন রদ্রিগো। দানির স্লাইডে প্রতিপক্ষের একজনের পায়ে লাগলে বল পেয়ে যান রদ্রিগো। চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩৬তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়ুস জুনিয়র। পায়ের কারিকুরি ও গতিতে দুই জনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। কিন্তু অনেকটা গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

একটু পরেই নিজেদের দ্বিতীয় গোল পেয়ে যায় রিয়াল। ডেভিড আলাবার কর্নার থেকে বল পেয়ে চমৎকার ভলিতে জাল খুঁজে নেন বেলিংহ‍্যাম। অনেকটা বাউন্স করে ক্রসবার ঘেঁষে যাওয়া বলের নাগাল পাননি সিমোন।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে বিলবাও। ৭৪তম মিনিটে ওইহান সানসেটের বুলেট গতির শট ঠেকিয়ে দেন আলবা। তিন মিনিট পর বিলবাওয়ের আরেকটি আক্রমণ রুখে দেন অহেলিয়া চুয়ামেনি। ৮৩তম মিনিটে বদলি নামা মদরিচের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক।

ম্যাচে অনেক সুযোগই পেয়েছিল বিলবাও। কিন্তু এরপরও সেভাবে রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনের কোনো পরীক্ষাই নিতে পারেনি তারা। অনেকটা সময় রক্ষণাত্মক ফুটবল খেললেও কখনও ৩ পয়েন্ট নিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়নি সফরকারীদের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!