প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে যে পরিকল্পনা করছে পাকিস্তান
আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের পর্দা উঠবে। এবারের আসরের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নেপালের বিপক্ষে মাঠে নামবেন বাবর আজমরা।
এশিয়া কাপ মিশনের আগেই শ্রীলংকায় উড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল। উদ্দেশ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আফগান আটলানদের বিপক্ষে সিরিজ শেষ করেই এশিয়া কাপের জন্য নিজ দেশে ফিরতে হবে পাকিস্তানকে।
এশিয়া কাপের আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিয়েছেন পাকিস্তানের হেড কোচ গ্রান্ট ব্রাডবার্ন। তিনি বলেন, কীভাবে আক্রমণাত্মক ক্রিকেট বাস্তবায়ন করা যায় লাহোর ও করাচিতে এক সপ্তাহ ধরে ওই অনুশীলন করেছেন তারা। নেটে তাদের অনুশীলনও হয়েছে আগ্রাসী মনোভাব মাথায় নিয়ে।
ব্রাডবান বলেন, ‘নেটে আমরা স্কিল দেখানোর জন্য অনুশীলন করিনি। আমরা উইনিং (ম্যাচ জেতা) ক্রিকেট খেলতে চাই, সেভাবেই অনুশীলন করেছি। মাঠে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই। এটা খেলোয়াড়দের কাছে আমাদের অনুরোধ নয়, এটাই চাওয়া। কারণ আমরা ক্রিকেটের নেতা হতে চাই।’
পাকিস্তানের আক্রমণাত্মক ক্রিকেটের দর্শন কেমন হবে তা উল্লেখ করেননি হেড কোচ ব্রাডবার্ন। তবে শ্রীলঙ্কায় তার দল আগ্রাসী মনোভাব নিয়ে টেস্ট খেলেছে। একই এপ্রোচে ওয়ানডে ও টি-২০ খেলবে বলে জানিয়েছেন কিউই ক্রিকেট কোচ।
তিনি আরো বলেন, ‘কিছু দিক থেকে দল নির্বাচন খুব কঠিন ছিল, কিন্তু অন্য দিক থেকে এটা খুবই সহজ। আমাদের প্লেয়িং একাদশ কেমন হবে, এপ্রোচ কেমন হবে তা নিয়ে আমরা একেবারেই পরিষ্কার। আমরা কখন, কীভাবে আক্রমণ করবো, মিডল অর্ডার ব্যাটিং কেমন হবে এসব নিয়ে পরিষ্কার পরিকল্পনা হয়েছে।’