ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শিরোপা জিতেও মেসির মহানুভবতা, মুগ্ধ ফুটবলপ্রেমীরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১০, ২০ আগস্ট ২০২৩
শিরোপা জিতেও মেসির মহানুভবতা, মুগ্ধ ফুটবলপ্রেমীরা
ছবি- সংগৃহীত

ইন্টার মায়ামিতে মেসি ম্যাজিক চলছেই। লিগস কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন তিনি। এরপর শিরোপা উৎসবের মঞ্চে নিজের মহানুভবতা দেখিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন এ আর্জেন্টাইন অধিনায়ক।

রোববার জিওডিস পার্কে নাশভিলেকে সাডেন ডেথে (১০-৯) হারায় ইন্টার মায়ামি। ম্যাচটিতে বাঁ পায়ের আইকনিক শটে গোলের দেখা পেয়েছেন মেসি। এমনকি টাইব্রেকারেও দলের হয়ে গোল করেন তিনি। স্বাভাবিকভাবেই মায়ামিকে চ্যাম্পিয়ন করায় মেসি-স্তুতি চলছে ফুটবলবিশ্বে।

এদিকে শিরোপা উৎসবের সময় মেসি যে মহানুভবতা দেখিয়েছেন, আলাদাভাবে নজর কেড়েছে তা-ও। 

Advertisement

 

নাশভিলেকে হারানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে ওঠার আগে সবাইকে অবাক করে দেন মেসি। উৎসবের মঞ্চে ওঠার আগে তিনি খুঁজে বের করেন দিয়ান্দ্রে ইয়েদলিনকে, মেসির আগে যিনি মায়ামির অধিনায়ক ছিলেন। 

এরপর মেসি এগিয়ে এসে অধিনায়কের আর্মব্যান্ডটা পরিয়ে দিলেন সাবেক অধিনায়ক দিয়ান্দ্রের হাতে। ইয়েদলিনকে মেসি বলেন, মায়ামির প্রথম শিরোপাটা তুলে ধরতে।

বিশ্বকাপজয়ী মেসির এমন আচরণে মুগ্ধ ইয়েদলিন ট্রফি নিয়ে দলের কাছে আসেন, মেসি আসেন তার পেছন পেছন। এরপর সবাই মিলে ট্রফি নিয়ে মাতেন উদযাপনে। মেসির এমন মহানুভবতায় মুগ্ধ ফুটবলপ্রেমীরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন।

এবারের লিগস কাপের সব আলো একাই কেড়ে নিয়েছেন মেসি। মেসি যোগ দেওয়ার পর থেকেই রীতিমত বদলে গেছে তার দল মায়ামি। একসময় হারের বৃত্তে থাকা মার্কিন ক্লাবটি মেসির জাদুতে ভর করে লিগস কাপে দেখায় একের পর এক চমক। 

গোলের ধারাবাহিকতা ধরে রেখে নাশভিলের বিপক্ষে ফাইনালেও স্কোরশিটে নাম লেখান মেসি। জিওডিস পার্কে ম্যাচের ২৩ মিনিটে একক দক্ষতায় বাঁ পায়ের বাঁকানো শটে দুর্দান্ত এক গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বিরতির পর অবশ্য ধাক্কা খায় মায়ামি। ৫৭ মিনিটে ফাফা পিকোল্টের গোলে সমতায় ফেরে নাশভিলে। এরপর ১-১ ব্যবধানে শেষ হয় খেলার ৯০ মিনিট। 

অতিরিক্ত সময়েও অবিচ্ছিন্ন করা যায়নি দুই দলকে। তাই আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। স্পটকিক থেকে মায়ামির হয়ে প্রথম শটেই বল জালে ফেলেন মেসি। প্রথম শটে গোল পায় নাশভিলেও, তবে দ্বিতীয় শটে মিস করে তারা। টানা চার শটে গোলের দেখা পাওয়া মায়ামি হোঁচট খায় পঞ্চম শটে গিয়ে।  মিস করে বসেন ভিক্টর উল্লোয়া। 

এরপর খেলা গিয়ে ঠেকে ১১তম শটে। যেখানে নাশভিলে গোলরক্ষকের শট ঠেকিয়ে দেন ড্রেক ক্যালেন্ডার। যার ফলে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জয়ের উল্লাসে মাতে মায়ামি।  

লিগস কাপে ৭ ম্যাচে ১০ গোল করায় আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অনুমিতভাবেই ওঠে মেসির হাতে।  ব্যক্তিগতভাবে আরো অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। লিগস কাপ জিতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ছাড়িয়ে গেছেন সাবেক সতীর্থ দানি আলভেসকে। এটি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪৪তম শিরোপা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!