নেইমারে বরণে দিনে লিগের ম্যাচ খেলে আল-হিলাল। ম্যাচে ড্র করেছে দলটি। ম্যাচ শেষে আল হিলালের কোচ জানালেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের আগে মাঠে ফিরতে পারবেন না নেইমার। কিন্তু তা সত্ত্বেও সেপ্টেম্বরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য তাকে দলে রেখেছে ব্রাজিল। তাদের এমন সিদ্ধান্ত কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না আল হিলাল কোচ জর্জ জেসুস।
বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমি জানি না, ব্রাজিল জাতীয় দল তাকে (নেইমার) কীভাবে ডাকতে পারে, সে প্রস্তুত নয় খেলার জন্য।’
.png)
জেসুস বলেন ‘নেইমার একজন মেধাসম্পন্ন ও সৃজনশীল খেলোয়াড়, সে আমাদের উন্নতি করতে সাহায্য করবে। তবে এখন তার সামান্য চোট রয়েছে এবং আমি জানি না, সে কবে ফিরবে। সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি সে প্রস্তুত হয়ে উঠবে।’
কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের হয়ে আর খেলেননি নেইমার। গত ফেব্রুয়ারিতে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। সেই চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড। কিন্তু তারপরও তাকে জাতীয় দলে রাখা হয়েছে।