সোনার দোকান উদ্বোধন করে দোয়া চাইলেন সাকিব
লংকা প্রিমিয়ার লিগ খেলেই বাণিজ্যিক কাজে দুবাইয়ে উড়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে একটি সোনার দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এরপর আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন টাইগারদের নতুন এ অধিনায়ক।
রোববার দুবাইয়ের সেরিনা প্লাজায় এনআরআই জুয়েলারি নামের একটি সোনার দোকান উদ্বোধন করেন সাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাকিব বলেন, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাদের কারণেই এখানে আসা এবং আপনাদের (প্রবাসী) সঙ্গে দেখা হলো। তারা যে রকম সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করব, আপনারাও একই কাজ করবেন, যেন আমরা একসঙ্গে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।’
.png)
এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দোয়া চেয়ে সাকিব বলেন, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’
প্রসঙ্গত, সাকিব দেশ ছেড়েছিলেন গত মাসে কানাডার গ্লোবাল টি-২০ খেলতে। সেই আসরে খেলার পর তিনি যোগ দেন লংকান প্রিমিয়ার লিগে। দু’টি ফ্র্যাঞ্চাইজি আসরে অংশ নেয়ার পর সোনার দোকান উদ্বোধন করতে যান তিনি। আজ (২১ আগস্ট) দেশে ফিরে আগামী দুই-এক দিনের মধ্যেই এশিয়া কাপের অনুশীলনে যোগ দিবেন টাইগার দলপতি।