ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের আগে শ্রীলংকা দলে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ২৪ আগস্ট ২০২৩
এশিয়া কাপের আগে শ্রীলংকা দলে দুঃসংবাদ
ফাইল ছবি

আর মাত্র পাঁচ দিন পরই এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ১৬তম আসর। মূলত ভারতের বাধার কারণে পাকিস্তান মূল আয়োজক হলেও শ্রীলংকায় টুর্নামেন্টটির অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও নেপাল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। বাংলাদেশের দুই প্রতিপক্ষের কেউই এখন পর্যন্ত দল ঘোষণা করেনি। 

শ্রীলংকা দল ঘোষণা না করার অন্যতম কারণ ছিল লংকান লিগ শেষ হওয়া। তবে ইনজুরিতে থাকা দুশমন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার জন্য অপেক্ষা করাও ছিল আরেকটি কারণ। কিন্তু অপেক্ষা করেও দলটির আর লাভ হচ্ছে না। 

Advertisement

শ্রীলংকার হয়ে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না দলটির সেরা পেসার চামিরার। ৩১ বছর বয়সী ডানহাতি পেসার কাঁধের ইনজুরিতে আছেন। পুরো আসর থেকে ছিটকে গেছেন তিনি। তার সঙ্গে লেগ স্পিনার হাসারাঙ্গার ফিটনেস নিয়েও আছে শঙ্কা। 

শ্রীলংকার সংবাদ মাধ্যম ডেইলি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, চামিরা কাঁধের ইনজুরিতে ভুগছেন। ফলে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সম্প্রতি শেষ হওয়া লংকান লিগে এই ইনজুরিতে পড়েছেন তিনি।

চামিরা চলতি বছরের জুনে গোড়ালির ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যান। কিন্তু লংকান লিগের আগে ওই ইনজুরি থেকে সেরে ওঠেন তিনি। নতুন ইনজুরি থেকে ঠিকঠাক সুস্থ হয়ে উঠলে তাকে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!