বুধবার পর্দা উঠবে মহাদেশীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসর এশিয়া কাপের। এ টুর্নামেন্টে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন সূর্যকুমার। তবে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে সুযোগ মিলবে কিনা তা নিয়ে আছে যথেষ্ট সংশয়। কেননা সূর্যকে ওয়ানডের চার নম্বর পজিশনের ভরসা বানাতে চায় রোহিত শর্মার দল। তবে আস্থার প্রতিদান দিতে পারছেন না মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এ ক্রিকেটার।
হাল ছাড়তে নারাজ সূর্যকুমার। তার বিশ্বাস, দ্রুতই রান করার ব্যাপারটা বাগে আনতে পারবেন তিনি। কারণ তাকে পরামর্শ দিচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা।
.png)
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে ভূমিকাই আমাকে দেওয়া হোক না কেন, পালন করার চেষ্টা করব। যদি ভূমিকা বদলে যায় সেটাতেও রাজি। কিন্তু এক দিনের ক্রিকেটে ভাল খেলতে আমি মরিয়া।’
তিনি আরো বলেন, ‘সবাই বলে আমার জন্য নাকি টি-২০ ক্রিকেটই ভাল। দুটোই সাদা বলের ক্রিকেট। আসলে ৫০ ওভারের ক্রিকেটে রান করার কায়দা এখনও রপ্ত করতে পারিনি। কিন্তু কঠোর অনুশীলন করে সেটা রপ্ত করার চেষ্টা করছি। আমার মতে, এটাই ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট।’