সবশেষ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে ছিলেন বেনজেমা। সেখানেও ইনজুরি ভুগিয়েছে তাকে। একই কারণে কাতার বিশ্বকাপ খেলতে পারেননি। এবার সেই একই কারণে নেইমারের দল আল হিলালের বিপক্ষে ম্যাচের আগেই ছিটকে গেলেন এ ফরাসি তারকা।
সোমবার রাতে সৌদি প্রো লিগে কিং ফাহাদ স্টেডিয়ামে আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামে আল ওয়েহদা। এ ম্যাচে ইত্তিহাদের শুরুর একাদশে ছিলেন বেনজেমা। তবে ম্যাচের ৪২তম মিনিটে হঠাৎ মাঠেই পড়ে যান তিনি। ততক্ষণাৎ সেখানেই তার চিকিৎসা চলছিল। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। চোট নিয়ে মাঠ ছেড়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
.png)
ম্যাচ শেষে পরে জানা গেল, ফরাসি ফরোয়ার্ড হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। কত দিন খেলতে পারবেন না, তা এখনো জানা যায়নি। তবে আল ইত্তিহাদ আশা করছে, বেনজেমার চোট খুব গুরুতর নয়। দ্রুতই মাঠে ফিরতে পারবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।
শুক্রবার সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের প্রতিপক্ষ আল হিলাল। ক’দিন আগেই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) থেকে আল হিলালে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
বেনজেমা চোটে পড়লেও গতকাল বড় জয় পেয়েছে আল ইত্তিহাদ। আল ওয়েহদাকে ৩-০ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ। ৬৩, ৬৭ ও ৭৩ মিনিটে গোল ৩টি করেছেন রোমারিনহো, হোয়াও পেদ্রো ও ইগর করোনাদো। যেখানে পেদ্রো নেমেছিলেন বেনজেমার বদলি হিসেবে। আল ইত্তিহাদের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১ গোল করেছেন এবং ২ গোলে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ।