এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০.৪ ওভারে দুই উইকেটে ২৩৪ রান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দলের হয়ে নাঈম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন মেহেদী হাসান মিরাজ।
.png)
শুরু থেকেই দেখেশুনে দলকে এগিয়ে নিতে থাকেন নাঈম আর মিরাজ। দুজনের ব্যাটে অষ্টম ওভারে দলীয় সংগ্রহ পঞ্চাশ স্পর্শ করে। পাওয়ার প্লে-টা ভালোই ছিল বাংলাদেশের। তবে দশম ওভারের শেষ বলে আউট হন নাঈম।
মুজিব উর রহমানের করা প্রথম পাওয়ার প্লে-র শেষ ডেলিভারিটি বুঝতে পারেননি নাঈম। গুড লেংথে করা তার ডেলিভারিটি এই ওপেনারের ব্যাট ফাঁকি দিয়ে সোজা আঘাত হানে স্ট্যাম্পে। ৩২ বলে ২৮ রান করেন তিনি।
পরের ওভারের দ্বিতীয় বলেই আঘাত হানেন গুলবাদিন নাঈব। তার বলে রানের খাতা খোলার আগেই ইব্রাহিম জাদরানের তালুবন্দী হন তাওহীদ হৃদয়। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে হাল ধরে পাল্টা আক্রমণে দলকে এগিয়ে নিতে থাকেন মিরাজ ও শান্ত। এরই মধ্যে দুজনের জুটি পেরিয়েছে দেড়শ রানের গণ্ডি। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মিরাজ পেয়েছেন সেঞ্চুরির দেখা।
গুলবাদিন নাইবের বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পান মিরাজ। এর আগে ফিফটি পাওয়া শান্তও আছেন সেঞ্চুরির পথে। তিনি ৮৮ রানে অপরাজিত আছেন।