শনিবার স্লোভাকিয়ার ন্যারোডনি ফুটবল স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় পর্তুগাল। এ ম্যাচে বল দখল থেকে শুরু করে লক্ষ্যে শট নেয়ায় এগিয়ে ছিল পর্তুগাল। তবুও কাঙ্খিত সাফল্য পেতে প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে।
এদিন ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে যেতে পারতো পর্তুগাল। তবে ব্রুনোর দুর্বল শট পরীক্ষায় ফেলতে পারেনি প্রতিপক্ষের গোলরক্ষক মার্টিন দুব্রাভকাকে। তবে ম্যাচের ৪৩ মিনিটে বার্নার্দো সিলভার পাসে ডান প্রান্ত থেকে নিখুঁত কোণাকুণি শটে জাল খুঁজে নেন ব্রুনো ফার্নান্দেজ।
.png)
ম্যাচের ৬১ মিনিতে ব্যবধান বাড়াতে পারতো পর্তুগাল। গোলমুখে ফাঁকায় থাকলেও সিলভার কাছ থেকে পাওয়া বলে ঠিকমতো পা ছোঁয়াতেই পারেননি রোনালদো। এরপর আরেক দফা চেষ্টা চালাতে গিয়ে স্লোভাকিয়ার গোলরক্ষক দুব্রাভকাকে ফাউল করে বসেন তিনি। তখন পর্তুগিজ অধিনায়ককে দেখতে হয় হলুদ কার্ড।
এর আগে আইসল্যান্ডের বিপক্ষেও কার্ড দেখেছিলেন। টানা দুই ম্যাচ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন রোনালদো। ফলে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না রোনালদোর।
তাতে অবশ্য খুশিই হবার কথা লুক্সেমবার্গের। ইউরোপের পুঁচকে এই দেশের বিরুদ্ধেই যে রোনালদোর রেকর্ড সবচেয়ে ভাল। ১১ ম্যাচে করেছেন ১১ গোল। কোন একক দেশের বিপক্ষে গোলের হিসেবে এটিই রোনালদোর জন্য সর্বোচ্চ।