এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৭ ওভারে ছয় উইকেটে ১৭৪ রান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি রানের চাকা সচল রাখেন দুজন।
.png)
রোহিত ও গিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে দশম ওভারে দলীয় অর্ধশতকের দেখা পায় ভারত। এরপর দুজনেই হাত খুলে খেলা শুরু করেন। তবে দ্বাদশ ওভারের শুরুতেই ঘটে ছন্দপতন। যেখানে দুনিথ ওয়েল্লালাগের দুর্দান্ত ডেলিভারিতে ১৯ রানে বোল্ড হন গিল।
পরের ওভারে এসে আরেকবার উইকেট শিকারের আনন্দে মাতেন ওয়েল্লালাগে। এবার তিনি ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে। এই ভেন্যুতে টানা চার ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি আজ ফিরেছেন মাত্র ৩ রানে।
নিজের তৃতীয় ওভারে ফের উইকেটের দেখা পান ওয়েল্লালাগে। এবার ইনফর্ম রোহিত শর্মাকে ৫৩ রানে বোল্ড করেন তিনি। অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে ভারত। এ সময় দলের হাল ধরেন লোকেশ রাহুল ও ঈশান কিষাণ।
ধীরে ধীরে দলকে এগিয়ে নিতে থাকা রাহুল ও কিষাণের পঞ্চাশোর্ধ্ব জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিচ্ছিল ভারত। তবে এমন সময় ফের আঘাত হানেন ওয়েল্লালাগে। তার চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে ৩৯ রান করেন রাহুল।
নিজের দশম ওভারের শেষ বলে হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান ওয়েল্লালাগে। এর আগে ঈশানকে ফিরিয়েছেন চারিথ আসালঙ্কা। এ ব্যাটার ফিরেছেন ৩৩ রানে।