ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

ম্যাচ জয়ের পথে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৩
ম্যাচ জয়ের পথে ভারত
ছবি: সংগৃহীত

চলমান এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে শ্রীলংকা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ধীরে ধীরে জয়ের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪০.৫ ওভারে আট উইকেটে ১৭২ রান। এর আগে ৪৯.১ ওভারে অল আউট হওয়া ভারত ২১৩ রান করেছে। ইতিহাসে এই প্রথম ভারতের ১০ উইকেটের সবই নিয়েছেন স্পিনাররা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার হয়ে রান তাড়া করতে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। ইনিংসের তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পায় ভারত। জাসপ্রিত বুমরাহর বলে ৬ রানে আউট হন নিশাঙ্কা।

Advertisement

এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নেও। এই দুই ব্যাটার যথাক্রমে ১৫ ও ২ রানে সাজঘরে ফিরেছেন। মাত্র ২৫ রানে তিন উইকেট হারিয়ে বেশ বিপদের মুখে পড়ে লংকানরা।

সেখান থেকে দলের হাল ধরেন চারিথ আসালঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে ধীরে ধীরে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে জুটি খুব বড় হতে দেননি কুলদীপ যাদব। ১৭ রান করা সামারাবিক্রমাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।

নিজের পরের ওভারে আরেক সেট ব্যাটার আসালঙ্কাকে ফেরান কুলদীপ। তিনি করেন ২২ রান। লংকানদের বিপদ আরো বাড়ে যখন মাত্র ৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে ফেরেন অধিনায়ক দাসুন শানাকা।

দলীয় শতকের আগে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় শ্রীলংকা। তবে সেখান থেকে পাল্টা প্রতিরোধ গড়েন ধনঞ্জয় ডি সিলভা ও ওয়েল্লালাগে। দুজনে গড়েন পঞ্চাশোর্ধ্ব রানের জুটি।

ধনঞ্জয় ও ওয়েল্লালাগের ব্যাটে এক পর্যায়ে জয়ের স্বপ্ন দেখছিল লংকানরা। তবে এমন সময় আঘাত হানেন জাদেজা। ৪১ রানে ধনঞ্জয় ফিরলে লংকানদের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি রানের চাকা সচল রাখেন দুজন।

রোহিত ও গিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে দশম ওভারে দলীয় অর্ধশতকের দেখা পায় ভারত। এরপর দুজনেই হাত খুলে খেলা শুরু করেন। তবে দ্বাদশ ওভারের শুরুতেই ঘটে ছন্দপতন। যেখানে দুনিথ ওয়েল্লালাগের দুর্দান্ত ডেলিভারিতে ১৯ রানে বোল্ড হন গিল।

পরের ওভারে এসে আরেকবার উইকেট শিকারের আনন্দে মাতেন ওয়েল্লালাগে। এবার তিনি ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে। এই ভেন্যুতে টানা চার ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি আজ ফিরেছেন মাত্র ৩ রানে।

নিজের তৃতীয় ওভারে ফের উইকেটের দেখা পান ওয়েল্লালাগে। এবার ইনফর্ম রোহিত শর্মাকে ৫৩ রানে বোল্ড করেন তিনি। অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে ভারত। এ সময় দলের হাল ধরেন লোকেশ রাহুল ও ঈশান কিষাণ।

ধীরে ধীরে দলকে এগিয়ে নিতে থাকা রাহুল ও কিষাণের পঞ্চাশোর্ধ্ব জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিচ্ছিল ভারত। তবে এমন সময় ফের আঘাত হানেন ওয়েল্লালাগে। তার চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে ৩৯ রান করেন রাহুল।

নিজের দশম ওভারের শেষ বলে হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান ওয়েল্লালাগে। ভারতের ইনিংসের পরের গল্পটা নিজের করে নিয়েছেন পার্ট টাইম বোলার চারিথ আসালঙ্কা।

অনবদ্য বোলিংয়ে ভারতের লেজ একাই গুটিয়ে দেন আসালঙ্কা। তিনি একাই শিকার করেন ৪ উইকেট। আক্সার প্যাটেল ছাড়া ভারতের টেইল এন্ডারদের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

শেষ উইকেট হিসেবে আক্সারকে ফেরান মহেশ থিকসানা। এ বাঁহাতি ব্যাটার ২৬ রান করেন। ওয়েল্লালাগে পাঁচটি, আসালঙ্কা চারটি ও থিকসানা একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!