শুক্রবার কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। বাংলাদেশ-ভারত দ্বৈরথের আগে বারবার আলোচনায় বৃষ্টি প্রসঙ্গ। যথারীতি আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলম্বোতে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। এমনকি দুপুরের পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘে ঢাকা থাকবে আকাশ। ফলে আজও যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হতে যাচ্ছে এটাই বলা যাচ্ছে।
.png)
যদিও আকুওয়েদারের আপডেট বলছে, ভারত বনাম বাংলাদেশ ম্যাচে মাত্র কয়েক ঘণ্টা বৃষ্টির প্রভাব পড়তে পারে। কলম্বোতে বিকেল ৫ থেকে ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই কারণে ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এরপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
বৃহস্পতিবার একই মাঠে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলংকা। বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ৪২ ওভারের ম্যাচ হয়েছিল।
এর আগে কলম্বোতে অনুষ্ঠিত প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টি বাধা ছিল। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচও নির্ধারিত দিনে শেষ হয়নি। ফল এসেছিল রিজার্ভ ডে’তে। তবে আশার খবর হচ্ছে, আজ সকালে পরিস্কার রোদ দেখা গেছে কলম্বোর আকাশে। যা সমর্থকদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর।