ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

হলুদ কার্ডে শুরু নেইমারের, জয় বঞ্চিত আল হিলাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩
হলুদ কার্ডে শুরু নেইমারের, জয় বঞ্চিত আল হিলাল
ছবি- সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের নাভবাহোরের মুখোমুখি হয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। যেখানে হলুদ কার্ড দেখেছেন আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার ব্যর্থতার দিনে জয় বঞ্চিত হয়েছে সৌদির ক্লাবটিও।  

সোমবার রাত ১২টায় নাভবাহোরের বিপক্ষে মাঠে নামে আল হিলাল। পুরো ম্যাচের আলো নেইমারের দিকে থাকলেও দর্শকদের গোল উৎসবে ভাসাতে তিনি ব্যর্থ হয়েছেন। ম্যাচটিতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আল হিলাল।

গত ১৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগের ম্যাচে আল হিলালের জার্সিতে অভিষেক হয় নেইমারের। সেদিন তিনি গোলের দেখা না পেলেও দলের জয়ে ভালোই অবদান রেখেছিলেন। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেইমার ঝলক ছিল অনুপস্থিত। 

Advertisement

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘ডি’ থেকে প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল আল হিলাল। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ব্রাজিলের তারকা না থাকলেও এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। তাতে প্রথম থেকেই উজবেকিস্তানের ক্লাবটির বিপক্ষে আক্রমণ চালায় আল হিলাল।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে চেহারা পাল্টে যায় নাভবাহোরের। ৫২ মিনিটে সফলও হয় দলটি। নাভবাহোরের স্ট্রাইকার তোমা তাবাতাদজে ডান পায়ের শট দিয়ে কাঁপিয়ে দেন নেইমারদের জাল। গোলটিতে সহায়তা করেন ফরোয়ার্ড আবরর ইসমাইলভ। ১-০ গোলে পিছিয়ে পড়ে আল-হিলাল।

গোলের দেখা না পেয়ে মেজাজ হারাচ্ছিলেন নেইমার। ৬০ মিনিটে ফাউল করে বসেন তিনি। তাতে দেখতে হয় হলুদ কার্ড। এরপরেও দর্শকেরা মুখিয়ে ছিলেন নেইমারের অভিষেক গোল দেখতে। কিন্তু সেটি আর হয়নি। 

ম্যাচের ৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়ে হার এড়ায় আল হিলাল। দলটির স্ট্রাইকার মাইকেল ডেলগাডোর ক্রস থেকে হেড করে সমতায় ফেরার গোল করেন ডিফেন্ডার আলী আল-বুলাইহি। তাতে মান বাঁচে আল-হিলালের এবং বড় তারকা নেইমারেরও।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!