ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইরান কাঁপছে রোনালদো জ্বরে! 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ইরান কাঁপছে রোনালদো জ্বরে! 
ছবি: সংগৃহীত

ইউরোপ কাঁপানো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে প্রথমবারের মতো খেলছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। আসরটি খেলতে উড়াল দিয়ে ইরানের তেহরানে পৌঁছেছেন। সেখানে সৌদি ক্লাব আল নাসরের প্রতিপক্ষ ইরানের ক্লাব পার্সেপোলিস। ম্যাচটি বাংলাদেশ সময়   আজ (মঙ্গলবার) রাত ১২টায় শুরু হবে। 

ম্যাচটি খেলতে সেখানে গিয়েছেন রোনালদো। তারা সেখান পৌঁছাতেই সিআরসেভেন ভক্তরা রাস্তায় ভিড় জমিয়েছেন। তাকে এক নজর দেখতে মানুষের জটলার কারণে একপর্যায়ে অনুশীলনও বাতিল করা হয়েছে আল-নাসরের।

তবে এশিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরেও নিজেদের সেরা প্রমাণের চ্যালেঞ্জ রয়েছে রোনালদোদের সামনে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত জানুয়ারিতে সৌদি ফুটবলে নতুন অধ্যায় শুরু করেছিলেন পর্তুগিজ সুপারস্টার।

Advertisement

 এরপর তার পথ ধরে আরও অনেক ইউরোপের মঞ্চ মাতানো তারকা ফুটবলার মধ্যপ্রাচ্যের দেশটিকে ঠিকানা বানিয়েছেন। ইরানে সেই ছোঁয়া এতদিন সেভাবে না লাগলেও, রোনালদোদের উপস্থিতিতেই এবার দেখা গেছে ব্যাপক উন্মাদনা।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য রোনালদোদের টিম বাস তেহরানে পৌঁছাতেই তার নামে স্লোগান শুরু হয়। তাকে নিয়ে সেখানকার ফুটবলপ্রেমীদের উত্তেজনা চরমে পৌঁছানোয় নিরাপত্তার খাতিরে অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে আল-নাসর। 

দর্শক উন্মাদনার বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা গেছে, আল-নাসরের টিম বাসের পেছনে একযোগে ধাওয়া দিচ্ছেন রোনালদো-ভক্তরা।

আল-নাসরের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা ইরানের এসপিয়ান্স প্যালেস হোটেলে উঠেছেন। ভক্তরা দৌড়ে তাদের টিম বাসের পেছন পেছন সেই হোটেলেও হাজির হন। একপর্যায়ে হোটেলের সামনে অবস্থান নেন রোনালদোর অনুরাগীরা। জানা গেছে, সিআরসেভেনের জন্য এত ভিড় হয়ে যায় যে যার ফলে অনুশীলন বাতিল করতে বাধ্য হয় আল-নাসর।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম বলছে, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ও তার সতীর্থরা সেখানে উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন। ওই সময় স্থানীয়দের হাতে বোনা বিশেষ ডিজাইনের কার্পেট উপহার দেওয়া হয় রোনালদোকে। এরপর সেটি হাতে নিয়ে তিনি হাস্যোজ্জ্বল পোজও দিয়েছেন।

সৌদি প্রো লিগে বর্তমানে আল-নাসরের অবস্থান ষষ্ঠ স্থানে। গত মৌসুমে কোনো শিরোপা না জেতা ক্লাবটি এবার বেশ ভালো ফর্মে আছে। তাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৩৮ বছর বয়সী রোনালদো ৭ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন। 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাবটির সঙ্গে অ্যাওয়ে ম্যাচে আল-নাসর খেলবে ২৭ নভেম্বর, ঘরের মাঠ রিয়াদে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!