শেষ ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক শান্ত
অনেকদিন পর চোট ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে দলে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন তিনি। কিন্তু কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ না খেলে বিশ্রাম চাইলেন দেশসেরা এই ওপেনার।
শুধু তামিম নন, তামিমের সঙ্গে বিশ্রাম চেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তাদের বিশ্রাম দিয়ে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি। এদিকে শান্তর পাশাপাশি বিশ্রাম শেষে আবারও দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
.png)
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে হয়েছিল পরিত্যাক্ত। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা হেরেছে ৮৬ রানে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৬ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।