‘বিশ্বকাপ নিয়ে স্বপ্ন এখনো একই আছে’
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের ত্রয়োদশ আসরকে ঘিরে বড় স্বপ্ন দেখছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ের ‘স্বপ্ন’ ইস্যুতে চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, ‘ঘুম থেকে জেগে ওঠ।’
লিটনের বিশ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো দায়িত্ব পেয়ে সোমবার মিরপুরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের সেই কথাকে উদ্ধৃতি করে এক সংবাদকর্মী শান্তর কাছে জানতে চান, বিশ্বকাপ নিয়ে আগের স্বপ্ন থেকে তারা সরে এসেছেন কি না? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁদের স্বপ্নটা এখনো আগের জায়গায় আছে।’
.png)
ওয়ানডে সুপার লিগে তৃতীয় হওয়াই তাদের স্বপ্ন দেখতে আত্মবিশ্বাসী করেছে বলে জানালেন নাজমুল, ‘আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনো সেই স্বপ্নই দেখছি। আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা চেয়েছিলাম ওয়ানডে সুপার লিগ যেন সেরা চারের মধ্যে শেষ করি। যেটা আমরা সেরা তিনে থেকে শেষ করেছি।’
শান্ত বলেন, ‘তখন (সুপার লিগ) থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে, আমরা বিশ্বকাপে ভালো কিছু করব, যেটা কখনো করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সার্মথ্য আছে। এখনো আমাদের ওই একই স্বপ্নটাই আছে।’