সোমবার রাতে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আল নাসরের বিপক্ষে মাঠে নামে আল ওয়েহদা। যেখানে প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে সাদিও মানেরা। ম্যাচে ওয়েহদাকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর।
ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে এগিয়ে দেন সাদিও মানে। তবে বিরতির ঠিক আগেই ভুল করে বসে ক্লাবটি। সেই ভুলের ফায়দা নিয়ে আল ওয়েহদাকে সমতায় ফেরান পোলিশ স্ট্রাইকার কোনরাদ মিচালাক। সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
.png)
বিরতির পর ভয়ংকর রূপে দেখা দেয় আল নাসর। ৬২তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেকো ফোফানা। ৭৩তম মিনিটে হেডে ব্যবধান ৩-১ করেন অ্যান্ডারসন তালিসকা।
এরপর ৮১তম মিনিটে আইমান ইয়াহিয়া ও ৮৬তম মিনিটে সামি আল নাজির গোল করে আল নাসরের ৫-১ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে কিংস কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস কাস্ত্রোর দল।