ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাথুরুকে অব্যাহতি দিয়ে তামিমকে বিশ্বকাপ দলে নিতে লিগ্যাল নোটিশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৩
হাথুরুকে অব্যাহতি দিয়ে তামিমকে বিশ্বকাপ দলে নিতে লিগ্যাল নোটিশ
ছবি- সংগৃহীত

কোমরের ইনজুরি ইস্যুতে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। তবে তার বাদ পড়ার ঘটনা সহজভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে তামিম ইস্যুতে শুরু হয়েছে নানা আলোচনা।

সেই ধারবাহিকতায় এবার তামিমকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়েছে ওই নোটিশে।

বুধবার বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন।

Advertisement

এর আগে মঙ্গলবার সারাদিন নাটকীয়তার পর রাতে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। একই সঙ্গে উন্মোচন করা হয় টাইগারদের বিশ্বকাপ জার্সি।

১৫ সদস্যের এ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তামিমের বদলে ওপেনিং পজিশনে সুযোগ মিলেছে আরেক তামিম-তানজিদ হাসানের।

এদিকে বিশ্বকাপের দল ঘোষণার আগেরদিন রাত থেকেই শুরু হয় গুঞ্জন। তামিম ইকবাল না কি শর্ত দিয়েছেন, বিশ্রাম নিয়ে নিয়ে তিনি বিশ্বকাপ খেলতে চান। গুঞ্জন চাউর হয়ে গেছে, তিনি মাত্র পাঁচটি ম্যাচ খেলতে চেয়েছেন। যদিও তামিমের ঘনিষ্ট সূত্রের দাবি, এমন কথা বলেননি তামিম। এমনকি নির্বাচকরাও বলেছেন, এমন কোনো কথা তারা শোনেননি।

তবুও মঙ্গলবার তামিমকে দলে রাখা নিয়ে সারাদিন নাটকীয়তা চলে। অর্ধেক ফিট তামিমকে দলে নেয়া হলে ‘অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন সাকিব আল হাসান এমন কথাও শোনা যায়। শেষপর্যন্ত তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়।

এ অবস্থায় প্রশ্ন দেখা দেয়, আসলে কী ঘটেছিলে তামিমকে নিয়ে। এ বিষয়ে তিনি নিজেই সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন। তাই তামিম জানিয়েছেন এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি সব জানাবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!