নিজের দল সর্ম্পকে যা বললেন শাদাব
পাকিস্তানের নির্ভরযোগ্য খেলোয়াড় শাদাব খান। ক্যারিয়ারে ভারতের মাটিতে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচই খেলেছেন তিনি। সেটিও আবার প্রস্তুতি ম্যাচ। এতে অবশ্য এখানকার কন্ডিশন সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তিনি।
পাকিস্তানসহ অধিনায়কের মতে, বিশ্বকাপ কন্ডিশন থাকবে ব্যাটিং সহায়ক। আর তাই ভালো বোলিং আক্রমণের দলকেই এবারের শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
আগামী মঙ্গলবার হায়দরাবাদেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সেখানেই রোববার সাংবাদিকদের সঙ্গে ভারতের কন্ডিশন নিয়ে নিজের ভাবনার কথা বলেন শাদাব।
সঙ্গে নিজেদের বোলিং বিভাগের গুনগানও করেন তিনি, ‘আমি মনে করি, এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ভালো বোলিং বিভাগের দল কারণ এখানকার উইকেটগুলো ফ্ল্যাট এবং বাউন্ডারি ছোট। আমাদের দলে বিশ্ব মানের বোলার রয়েছে এবং আমার মনে হয়, চ্যাম্পিয়ন হতে আমাদের বোলিং বিভাগকে খুবই ভালো পারফর্ম করতে হবে।’
বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে পাকিস্তান। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামের ব্যাটিং উইকেটে কিউইদের সঙ্গে ৫ উইকেটে হেরে যায় বাবর আজমের দল। পাকিস্তানের ৩৪৫ রান ৩৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড।
ম্যাচটি ছিল ভারতের মাটিতে পাকিস্তান দলের প্রায় সব ক্রিকেটারেরই প্রথম ম্যাচ। প্রতিবেশী দেশে প্রথম ধাপে ব্যাট ও বল হাতে তেমন সুবিধা করতে পারেননি শাদাব। তবে কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা হয়েছে রয়েছে শাদাবের।
শাদাব যোগ করেন, ‘এখন পর্যন্ত ভারতের কন্ডিশন পাকিস্তানের মতোই মনে হচ্ছে। এমনকি সবশেষ প্রস্তুতি ম্যাচটিতে মনে হয়েছে আমরা রাওয়ালপিন্ডিতে খেলছি।’