অলিম্পিকে ফিরল ক্রিকেট
গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনা চলছিল, অলিম্পিকে আবারো ফিরতে যাচ্ছে ক্রিকেট। এ নিয়ে গত সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রাথমিক সভায় প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। এবার সেই প্রস্তাবটি ভোটাভুটিতেও চূড়ান্ত হয়ে গেল।
আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে ক্রিকেট। এর আগে লস অ্যাঞ্জেলেসের আয়োজক কমিটিই নতুন আরো চারটি খেলার সঙ্গে ক্রিকেটকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। গত সপ্তাহে আইওসি সেই প্রস্তাব অনুমোদন করে আজ তা ভোটে তোলে।
মুম্বাইয়ে সভা চলাকালীন সদস্যদের সেই ভোটেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা পেয়ে গেছে ক্রিকেট।
.png)
সর্বশেষ এবং একবারই ১৯৯০ সালে ক্রিকেট হয়েছিল অলিম্পিকে। তাতে বলা যায়, ১২৮ বছর পর বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসরে আবার ফিরছে ক্রিকেট। আয়োজক কমিটি টি-২০ ক্রিকেটের প্রস্তাব করেছে। ছয়টি দল নিয়ে ছেলে ও মেয়েদের বিভাগে তা করার কথা আছে সেই প্রস্তাবে। তবে দলসংখ্যা বা বাছাইপ্রক্রিয়ায় এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে অলিম্পিকে ক্রিকেট ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে, ‘ক্রিকেটের জন্য এটা বিরাট একটা দিন। ক্রিকেট খুব দ্রুত বৈশ্বিক খেলা হয়ে উঠছে। তার পরও অলিম্পিকের মতো আসরে ক্রিকেটের জায়গা করে নেওয়া অনেক বড় একটা ঘটনা।’