আন্তর্জাতিক ওয়ানডেতে ধারাবাহিক ব্যাটিংয়ে প্রায় আড়াই বছর পর বাবরকে সরিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন শুভমান গিল। এছাড়া বড় লাফ দিয়েছেন তার দুই সতীর্থ বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার।
বুধবার ওয়ানডে র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাটিংয়ের র্যাংকিংয়ে গিলের পাশাপাশি বোলিংয়ের শীর্ষে উঠেছেন তারই স্বদেশি মোহাম্মদ সিরাজ। আর অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন সাকিব আল হাসান।
.png)
২০২১ সালের জুলাইয়ের পর থেকে টানা ওয়ানডেতে র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চলতি বিশ্বকাপের শুরু থেকে পাকিস্তানি অধিনায়কের শীর্ষস্থান নিয়ে লড়াই ছিল গিলের। টুর্নামেন্টের প্রায় শেষভাগে এসে এক নম্বরে বসেছেন ভারতের তরুণ ওপেনার।
বোলারদের র্যাংকিংয়ে সেরা দশে ভারতের চার বোলার। দুই ধাপ এগিয়ে নিজের মুকুট পুনরুদ্ধার করেছেন সিরাজ। চলতি আসরে এখন পর্যন্ত ১০ উইকেট পাওয়া পেসারের নামের পাশে ৭০৯ রেটিং পয়েন্ট। এছাড়া কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ৪ নম্বরে, জাসপ্রিত বুমরাহ তিন ধাপ এগিয়ে ৮ নম্বরে ও মোহাম্মদ শামি সাত ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন।
বোলারদের সেরা দশের মধ্যে পরিবর্তন আছে আরো। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। শীর্ষে থাকা সিরাজের চেয়ে ১৫ রেটিং পয়েন্ট পিছিয়ে তিনি।
অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা ছয় ধাপ এগিয়ে উঠেছেন তিন নম্বরে। চার ধাপ পিছিয়ে জশ হেইজেলউডের সঙ্গে যৌথভাবে পাঁচ নম্বরে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি।