বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার দলের পারফরম্যান্সে হতাশ। এই বিশ্বকাপে যা হারানোর তা হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এখন ২০২৭ বিশ্বকাপের আগে দলকে বিশ্বমানের দল হিসেবে প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য বোর্ডের।
ছন্দে থাকা বাংলাদেশ দল বিশ্বকাপে এসে ফর্ম হারিয়ে ফেলেছে বলে মনে করেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘আমরা সবাই দেখেছি এবারের বিশ্বকাপ কেমন কেটেছে আমাদের। এটা খুবই হতাশার ছিল। আমরা আমাদের প্রত্যাশা কোনোভাবেই পূরণ করতে পারিনি।’
.png)
এরপর তিনি বলেন, ‘অনেক সময় আপনি ফর্মে এসে টুর্নামেন্টে ফর্ম হারিয়ে ফেলতে পারেন। দূর্ভাগ্যবশত আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে আসলে। বৈশ্বিক টুর্নামেন্টে আসার আগে আমাদের মানসিক শক্তি নিয়ে বেশি কাজ করা উচিত বলে মনে করছি।’
বিসিবির এই নির্বাচক বিশ্বাস করেন, আগামী বিশ্বকাপের আগেই বাংলাদেশ হয়ে উঠবে বড় দল। ২০২৭ বিশ্বকাপে টাইগারদের ভালো পারফরম্যান্সের জন্য সব বিভাগেই কাজ করতে হবে বলে জানান তিনি। বিশেষ করে ইনিংসের মাঝের ওভারগুলোতে জোর দেয়ার কথা বললেন জাতীয় দলের এই নির্বাচক।
বাশার বলেন, ‘আমাদের ঘরোয়া ক্রিকেট তো নিশ্চিতভাবে অনেক উন্নতি করেছে। আগামী বিশ্বকাপ চার বছর পর, এই সময়ে দলটা প্রস্তুত হয়ে যাবে। সত্যি কথা বলতে, আমাদের সব বিভাগে কাজ করতে হবে। টপ অর্ডার ব্যাটিং, ফিনিশিং, আমাদের বোলিং।’
তিনি যোগ করেন, ‘বিশেষ করে মিডল অর্ডারে আমাদের বোলারদের উইকেট নেয়ার সক্ষমতা বাড়াতে হবে। আমাদের সব বিভাগ নিয়েই কাজ করতে হবে। শুধু একটা বিভাগ নয়। ব্যাটিং, বোলিং তো আছেই সঙ্গে নতুন বলের পাশাপাশি মিডল ওভারে উইকেট নেয়ার মানসিকতা বাড়াতে হবে। তাহলে ভালো হবে।’