বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও টিম কম্বিনেশনের কারণে একাদশে জায়গা হচ্ছে না ঈশানের। এজন্য ম্যাচের বিরতি কিংবা ডাগআউটে বসে নানা কাণ্ড ঘটাচ্ছেন তিনি। তার তাতেই নেটদুনিয়ায় ভাইরাল হচ্ছেন এ ক্রিকেটার।
রোববার ব্যাঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও ঘটেছে তেমন একটি ঘটনা। যার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, মাঠের মধ্যে দাঁড়িয়ে এনার্জি ড্রিংকস খাচ্ছেন কিষাণ। আর তার পাশে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি।
.png)
ছবিটি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের দাবি, কোহলিকে এনার্জি ড্রিংকস দিতে এসে নিজেই খেতে শুরু করে দেন কিষাণ। তবে অনেকেই বলছেন, কোহলিকে দেওয়ার পর তিনি খাচ্ছিলেন।
ম্যাচের বয়স তখন ১৭.৪ ওভার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর মাঠে ড্রিংকস নিয়ে আসেন ঈশান। ছবিতে দেখা যায়, ক্রিজের মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কোহলি। তাকিয়ে আছেন ঈশানের দিকে। আর ঈশান অন্যদিকে মুখ ফিরে এনার্জি ড্রিংকস খাচ্ছেন। নিচে রাখা হয়েছে ড্রিংকসের বোতলের ব্যাগ। যে ব্যাগটি নিয়ে মাঠে এসেছিলেন বাঁ-হাতি এই ব্যাটার।
এমন ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর মজা করতে ছাড়েননি নেটিজেনরা। এক নেটিজেন মজা করে লেখেন, ‘কোহলি বলছেন যে, প্রথমে নিজে খেয়ে বিশ্বস্ততা প্রমাণ কর। আরেকজন একটু বেশিই মজা নেন। তিনি বলেন, ঈশান দৌঁড়ে মাঠে যান। তাতেই এনার্জি হারিয়ে ফেলেন। সেজন্য এনার্জি ড্রিংকস খাচ্ছেন।
তবে এবারই প্রথম নয়, এর আগেও মাঠে বিরাট কোহলিকে নকল করে কিংবা সতীর্থ শুভমান গিলকে থাপ্পড় মারার মতো নানা মজার ঘটনায় ভাইরাল হয়েছিলেন ভারতীয় এ উইকেটরক্ষক-ব্যাটার।