ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পার্বত্য শহর নৈনিতালের কাছাকাছি এক ব্যক্তি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। এই সময় ঐ জায়গা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। বিষয়টি নজরে আসতেই গাড়ি থামিয়ে দুর্ঘটনা কবলিত ব্যক্তির সাহায্য এগিয়ে আসেন ৩৩ বছর বয়সী এ পেসার।

.png)
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন শামি। ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি পাহাড়ি ঝোপে পড়ে আছে। গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন শামি। আহত ব্যক্তিকে বের করে নিয়ে এসে হাতে নিজেই ব্যান্ডেজ লাগিয়ে দেন সামি।
ভিডিওর ক্যাপশনে শামি লিখেছেন, ‘কাউকে বাঁচাতে পেরে খুবই ভালো লাগছে। সে খুবই ভাগ্যবান যে আল্লাহ তাকে দ্বিতীয় জীবন দিয়েছে। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার ঠিক সামনেই তার গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আমরা তাকে নিরাপদে বের করে এনেছি।’
বিশ্বকাপ ফাইনালে ভারত হারলেও দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় ছিলেন শামি। এবার অচেনা ব্যক্তির সাহায্য এগিয়ে আসার বিষয়টিও সবার প্রশংসা কুড়াচ্ছে।