বুধবার মিরপুরে হোম গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিকে, মাঠে যখন লড়ছে শান্ত-মুশফিকরা, ধারাভাষ্যকক্ষে থাকছেন সতীর্থ ক্রিকেটার তামিম।
এদিকে মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে বিষয়টি নিশ্চিত করেন তামিম। তবে পাঁচদিনের এই টেস্টে প্রতিদিনই তামিমকে দেখা যাবে না। আপাতত প্রথমদিন ধারাভাষ্য দেবেন তিনি।
.png)
পোস্টে তামিম লেখেন, বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথমদিন আগামীকাল (বুধবার) ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য অংশ নেব। আমি থাকব বেলা ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ মিনিট থেকে ২ টা ১০ মিনিট। আবারও ধারাভাষ্য বক্সের অভিজ্ঞতা নিতে প্রস্তুত।
এর আগে, এক লাইভ অনুষ্ঠানে নিজের ধারাভাষ্য দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তামিম। এই ওপেনার জানিয়েছিলেন, ২০২৪ টি-২০ বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি।
তামিমের ভাষ্যমতে, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-২০ বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।