আগামীকাল (সোমবার) বাকি ক্রিকেটারদেরও কিউই সফরের বিমান ধরার কথা রয়েছে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তার আগে রয়েছে প্রস্তুতি ম্যাচ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্বভার দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত’র কাঁধে।
গতকাল (শনিবার) রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে বাংলাদেশের প্রথম বহরের সঙ্গে নিউজিল্যান্ডে গিয়েছেন সহকারী কোচ নিক পোথাসও। এর আগে বিমানবন্দরে সৌম্য-আফিফরা নামতেই তাদের ঘিরে ধরেন ক্রিকেটভক্তরা। তাদের কেউ কেউ পূরণ করেছেন সেলফির আবদারও।
.png)
এদিন একে একে বিমানবন্দরে হাজির হতে দেখা যায় মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনদের। এছাড়া দেশ ছেড়েছেন তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসানরা।
টেস্ট সিরিজ খেলা ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিয়ে পরের বহরে পাঠানো হবে। সোমবার (১১ ডিসেম্বর) দেশ ছাড়বেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা। দেশটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে সফরকারী বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। এরপর আগামী ১৭ ডিসেম্বর হবে দু’দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে।
ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সেগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
টি-২০ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।