ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশের জন্য বাইরের লিগে খেলবেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৬, ১১ ডিসেম্বর ২০২৩
দেশের জন্য বাইরের লিগে খেলবেন না সাকিব
সাকিব আল হাসান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়মিত মুখ সাকিব আল হাসান। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোতেও তার চাহিদা থাকে। তবে আইপিএল ও পিএসএলের আসন্ন আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।

সাকিব জানিয়েছেন, মূলত জাতীয় দলকে বেশি সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশ্বকাপ থেকেই আঙুলের চোট বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। তাই উন্নত চিকিৎসার খোঁজে সাকিব এখন আমেরিকাতে অবস্থান করছেন। সেখানে রোববার (১০ ডিসেম্বর) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব নিজেই আইপিএল এবং পিএসএলে নিজের না থাকা নিয়ে জানান। 

Advertisement

সাকিব বলেন, ‘আইপিএলে নামও দেইনি। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি বলেছি নামটা সরিয়ে নিতে। পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে ফ্র্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম এগুলো আমি হয়তো স্যাক্রিফাইস করব।’

বাংলাদেশ দলের অধিনায়ক এরপর বলেন, ‘আমার খুব আশা ছিল নিউজিল্যান্ডে এটলিস্ট ওয়ানডে এবং টি-২০ খেলতে যাব। এখন টিম যাচ্ছে। আমি প্ল্যান করেছিলাম ওরকম। কারণ আমার ধারণা ছিল ৪ সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবো।’

সাকিব আরো বলেন, ‘গত দুই দিন আগেও আমি এখানে ডাক্তার দেখিয়েছি। তিনি বলেছেন আরো ২ সপ্তাহ অপেক্ষা করতে। তারপর আসতে আসতে রিহ্যাব শুরু করতে। যতটুকু লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে, ৬ সপ্তাহের মতো।’

তিনি যোগ করেন, ‘এরপর ফিটনেস রিহ্যাব আছে। বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!