ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ওশিমেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ১২ ডিসেম্বর ২০২৩
আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ওশিমেন
ভিক্টর ওশিমেন

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকান ভিক্টর ওশিমেন। সোমবার মরক্কোর মারাক্কেশ শহরে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে ওশিমেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

গত মৌসুমে ইতালিয়ান সিরি আ লিগ শিরোপা জয়ে নাপোলিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওশিমেন। আফ্রিকার সর্বোচ্চ এই পুরস্কার পেতে লিভারপুলের মিশরীয় উইঙ্গার মোহাম্মেদ সালাহ ও পিএসজির মরোক্কান রাইট-ব্যাক আশরাফ হাকিমিকে পেছনে ফেলেছেন তিনি। 

পুরস্কার হাতে নিয়ে ২৪ বছর বয়সী ওশিমেন বলেছেন, ‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হবার মত ঘটনা। আমার প্রতি সমর্থনের জন্য নাইজেরিয়ানদের ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে পুরো আফ্রিকার প্রতি কৃতজ্ঞ, যে কারণে বিশ্ব এখন আমাকে চেনে। আমার অনেক ভুল-ত্রুটি থাকা সত্ত্বেও বিভিন্নভাবে আমাকে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ।’ 

গত মৌসুমে নাপোলির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩১ গোল করেছেন ওশিমেন। ৩৩ বছর পর প্রথমবারের মত নাপোলির ইতালিয়ান লিগ শিরোপা জয়ের পিছনে তার অবদান ছিল সর্বাগ্রে।

এই পারফরমেন্সের পরপরই ওশিমেনের জন্য ট্রান্সফার ফি বাবদ নাপোলি রাতারাতি ২০০ মিলিয়ন ইউরো হাঁকানো শুরু করেছে। ২০২৪ আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে সর্বোচ্চ ১০ গোল করেছেন তিনি।

আগামী ১৩ জানুয়ারি থেকে আইভরি কোস্টে মূল পর্ব শুরু হচ্ছে। বাছাইপর্বে সাও টোমে ই প্রিন্সিপকে ১০-০ গোলে বিধ্বস্ত করে রেকর্ড গড়েছে নাইজেরিয়া। ঐ ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেন ওশিমেন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!