খেলার মাঝে অসুস্থ ফুটবলার, পরে যা হলো
ম্যাচ চলাকালীন সময় মাঠেই অসুস্থ হয়ে ঢলে পড়েন এক ফুটবলার। তিনি সুস্থ না হওয়ায় শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় ম্যাচটি। শনিবার (১৬ ডিসেম্বর) প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে লুটনের মধ্যকার ম্যাচে এ ঘটনাটি ঘটে।
এদিন লুটনের অধিনায়ক টম লকিয়ার অসুস্থ হয়ে মাঠে ঢলে পড়েন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। লুটন জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর লকিয়ার সাড়া দিয়েছেন। শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।
গত মে মাসে প্রিমিয়ার লিগ প্লে অফের ফাইনালে কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচেও মাটিতে ঢলে পড়েছিলেন ২৯ বছর বয়সী লকিয়ার। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে হার্ট সার্জারি করা হয়। এরপর তিনি জুন মাসে মাঠে ফিরে আসেন।
শনিবার ভাইটালিটি স্টেডিয়ামে খেলতে নামে বোর্নমাউথ ও লুটন। ম্যাচের ৬০ মিনিটের কিছুক্ষণ পর মাঠে পড়ে যায় লকিয়ার। পরে খেলা বন্ধ রেখে মাঠে চিকিৎসক ও লুটনের কোচিং স্টাফের সদস্যরা তার কাছে ছুটে যান।
এরপর স্ট্রেচারে করে লকিয়ারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। খেলা বন্ধের ২০ মিনিট পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। খেলা বন্ধ হওয়ার আগে দুই দলের ম্যাচ ১-১ সমতায় ছিল।
লুটন এক টুইটে জানিয়েছে, ‘আমাদের মেডিকেল স্টাফরা নিশ্চিত করেছেন, অধিনায়ক মাঠে কার্ডিয়াক অ্যারেস্টে ভুগেছেন। তবে স্ট্রেচারে করে তুলে নেয়ার সময়ই তিনি সাড়া দিয়েছেন।’