শনিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আগে ব্যাট করতে নেমে ২৪৫ রান সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত ডিএলএস মেথডে ৪৪ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
এদিন ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে আসেন টাইগার ওপেনার এনামুল হক বিজয়। তিনি বলেন, ‘পরিকল্পনাটা আরেকটু ভিন্নভাবে সাজাতে পারতাম। আমি, আফিফ বা হৃদয়-আমরা যদি আরেকটু ধৈর্য ধরতাম আরেকটু লম্বা (ইনিংস) খেলতাম তাহলে মনে হয় সিনারিওটা (চিত্রটা) ভিন্ন হতে পারত।’
.png)
এই ম্যাচে জয়ের ভালো সুযোগ ছিল মানছেন বিজয়। তার কথায়, ‘ভালো বলতে অনেক ভালো সুযোগ ছিল। আমরা ব্যাটিং ওয়াইজ দেখি, উইকেট ওয়াইজ দেখি। আমরা একটা মোমেন্টামও পেয়ে গিয়েছিলাম, শুরুটা ভালো হয়েছে। সবার মধ্যে মানসিকতা ছিল যে আমরা ম্যাচটা জিততে পারব।’
ম্যাচ হেরে গিল্টি ফিল হচ্ছে জানিয় তিনি আরো বলেন, ‘অবশ্যই দোষটা আমি নিতে চাই যে আমি ভুল করেছি। আমি যদি একটু বড় রান করে আসতে পারতাম, ম্যাচটা শেষ করে আসতে পারতাম তাহলে দলের জন্য খুবই ভালো হতো। একটা জয় দিয়ে শুরু করতে পারতাম। এখানে নিজের কাছেই গিল্টি ফিল হচ্ছে।’
আগামী ২০ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ম্যাচটি গড়াবে নেলসনের সেক্সটন ওভালে।