ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেই সৌম্য আর ফিরবেন কি?

আসাদুজ্জামান লিটন
প্রকাশিত: ১৫:৫৯, ১৭ ডিসেম্বর ২০২৩
সেই সৌম্য আর ফিরবেন কি?
সৌম্য সরকার

সৌম্য সরকার। একসময় ছিলেন জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। তাকে ছাড়া একাদশ কল্পনা করাই ছিল কঠিন। ব্যাট হাতে তো বটেই, বল হাতেও মাঝে মাঝে পালন করতেন কার্যকর ভূমিকা। ফিল্ডিংয়ে ছিলেন অন্যতম সেরা। তবে সেসব এখন অতীত। 

বিগত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতার মাঝে ঘুরপাক খাচ্ছেন সৌম্য। মাঝে মাঝে জ্বলে ওঠেন ঠিকই। তবে কিছুতেই ধারাবাহিক হতে পারছেন না। নিজের এমন ব্যর্থতা হয়তো তাকেও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।

বাজে পারফরম্যান্সের কারণে বেশ কয়েকবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন। তবে বিশেষ কোনো পারফরম্যান্স ছাড়াই ফের ডাক পেয়েছেন জাতীয় দলে। অতঃপর ফের হতাশা উপহার দেওয়া এবং বাদ পড়া, কারো ব্যর্থতায় পুনরায় ডাক পাওয়া... এটাই যেন সৌম্যের ক্যারিয়ারের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

অল্প সময়েই জাতীয় দলের ভরসা হয়ে উঠেছিলেন সৌম্যনিউজিল্যান্ড সফরে রোববার (১৭ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিল বাংলাদেশ। জাতীয় দলের হয়ে এর আগে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর ওয়ানডে খেলতে নেমেছিলেন সৌম্য। সেদিন আর আজ, দুই ম্যাচেই অভিন্ন স্কোরে সাজঘরে ফিরেছেন এই ব্যাটার।

না, বড় কোনো ইনিংস নয়। দুই দিনই স্কোরারদের একটুও বিরক্ত করেননি সৌম্য সরকার। দেশ ও ভেন্যু বদলে গেলেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। মিরপুরে মাস দুয়েক আগে টিকেছিলেন ২ বল, আজ বল খেলেছেন ৪টি। পার্থক্য এটুকুই।

এ নিয়ে ৬৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে অষ্টমবার শুন্য রানে আউট হয়েছেন সৌম্য। বলা যায় শেষ ৪৮ ম্যাচের ৮টিতে এই লজ্জা পেয়েছেন তিনি, শেষ ৬ ম্যাচে তিনবার। বাকি তিন ইনিংসে তার রান ৩২, ৭ ও ১। বোঝাই যাচ্ছে ওডিআই ফরম্যাটে ব্যাট হাতে কতটা সংগ্রাম করছেন এই ক্রিকেটার।

তিন ফরম্যাটেই সৌম্যের শুরুটা ছিল দারুণ২০১৯ সালের ৩১ জুলাই কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শেষবার পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য, করেছিলেন ৬৯ রান। সেঞ্চুরি তো আরো দূরের ঘটনা। ৫ বছরেরও বেশি সময় আগে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে খেলেছিলেন ১১৭ রানের ইনিংস।

ক্যারিয়ারের শুরুর ২ বছরে দারুণ ফর্মে থাকার সুবাদে সৌম্যের গড় এখনো ৩১ আছে। যেখানে শেষ ১৫ ইনিংসে তার গড় মাত্র ১৫.৬! এই ফর্ম নিয়ে ঘরোয়া লিগে বিশেষ কিছু করা ছাড়াই জাতীয় দলে বারবার ডাক পাওয়া, ভাগ্যের ব্যাপারই বটে!

এ তো গেল ওয়ানডে ফরম্যাটের কথা। টেস্টে ১৬ ম্যাচের ৩০ ইনিংসে ২৭.৭ গড়ে করেছেন ৮৩১ রান। যেখানে ডাক মেরেছেন দুইবার। ২০১৯ সালে হ্যামিল্টনে খেলা ক্যারিয়ার সেরা ১৪৯ রানের (একমাত্র সেঞ্চুরি) ইনিংস বাদ দিলে এখানেও শেষ ১৫ ইনিংসে তার গড় ১২.৮৭!

জাতীয় দলে পুরনো সেই সৌম্য ফিরবেন কি? উত্তরটা সময়ের কাছেই থাক!মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত সৌম্য টি-২০ ফরম্যাটে কেমন? এখানে ৭২ ম্যাচে তার গড় ১৭.৫৬! স্ট্রাইক রেট আহামরি নয়, ১২২-এর একটু উপরে। এখানে তিনি শুন্যে ফিরেছেন ১১ বার! শেষ ১৫ ইনিংসে তার গড় মাত্র ৮.৮৭! ডাক আছে তিনটি!

এমন হতশ্রী পারফরম্যান্সের পরও শুধুমাত্র কোচের চাওয়া বা অজানা কারণে বারবার জাতীয় দলে ডাক পেয়েছেন সৌম্য। তাতে দলের কতটুকু লাভ হয়েছে সেটা ওপরের পরিসংখ্যানেই স্পষ্ট। অথচ এই সৌম্যের ক্যারিয়ারের শুরুটা দেখলে বর্তমান পরিসংখ্যান দেখলে যে কারো আফসোস হবে। 

ওয়ানডেতে সাড়ে চার ও টি-২০ ফরম্যাটে আড়াই বছর আগে শেষবার ফিফটির দেখা পাওয়া সৌম্য কি আর কখনো স্বরূপে ফিরবেন? ৩১ বছরের এ ক্রিকেটার ব্যাট হাতে আর কবে সবাইকে মুগ্ধ করবেন? নাকি লজ্জার পরিসংখ্যানে নিজেকে আরো ডুবিয়ে হারিয়ে যাবেন জাতীয় দল থেকে?

উত্তরটা সময়ের কাছেই থাক! 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!