সোমবার (১৮ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, পার্থ টেস্টে স্লো ওভার রেটের কারণে জরিমানা ও পয়েন্ট কাটার শাস্তি পেয়েছে পাকিস্তান। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগেল শ্রীনাথ পাকিস্তানের ওপর এই শাস্তির রায় দিয়েছেন।
আইসিসি পাকিস্তানের পুরো দলকে প্রথম টেস্টের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কেটে নিয়েছে। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান বোলিং করেছিল ১৭৬.৪ ওভার। প্রথম দিন তারা বোলিং করে ৮৪ ওভার।
.png)
কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলতে নেমেছিল দলটি। যদিও দুই ইনিংস মিলিয়ে ৪০ ওভারের বেশি বোলিং করেন অনিয়মিত অফ স্পিনার আগা সালমান। এরপরও ওভারের গতিতে পিছিয়ে ছিল তারা।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ নম্বর ধারা অনুযায়ী, কোনো ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করার কারণে প্রতি খেলোয়াড়ের ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাবে। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য কাটা যাবে ১ পয়েন্ট করে।
পাকিস্তান নিজেদের দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে এমসিজিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিডনিতে সিরিজের শেষ ও তৃতীয় টেস্ট শুরু ৩ জানুয়ারি।
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে এ সিরিজ শুরু করা পাকিস্তান হারের পরই টেবিলের দুইয়ে নেমে গিয়েছে। শীর্ষে উঠে আসে ভারত। এবার পয়েন্ট কর্তনের পর ৬৬.৬৭ শতাংশ থেকে নেমে এসেছে ৬১.১১ শতাংশে। শীর্ষে থাকা ভারত পেয়েছে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট।